রাজশাহীতে ভোট দেয়া হলো না আনজুম ও ফরিদার
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২৩:১৯
রাজশাহী মহানগরীর ছোট বনগ্রামের বাসিন্দা সেন্টুর স্ত্রী আনজুম (৪৬), দাশপুকুরের সেরাজুল ইসলাম বাবুর স্ত্রী ফরিদা খাতুন (৩৬)। তারা কাজ করেন ঢাকার গার্মেন্টসে। শুক্রবার কাজ শেষে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দেয়ার জন্য সন্ধ্যায় ঢাকা থেকে বাসে রাজশাহীর উদ্দেশে রওয়ানা হন। কিন্তু বাড়িতে পৌঁছার আগেই ঘাতক ট্রাক কেড়ে নিয়েছে তাদের প্রাণ।
রাসিক নির্বাচন উপলক্ষে শুক্রবার মধ্যরাত থেকে নির্বাচনী এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকায় বাসচালক তাদের বানেশ্বরে নামিয়ে দেন। সেখান থেকে তারা হিউম্যান হলারে রাজশাহী বাইপাস হয়ে বাসায় রওয়ানা হন।
নওদাপাড়া আমচত্বরের অদূরে কিষ্টগঞ্জে গতকাল শনিবার ভোরে ট্রাক ও হিউম্যান হলারের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত হন। আহত হন আরো ১২ জন। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। এরা হলেন, নগরীর দাশপুকুর এলাকার সেরাজুল ইসলাম বাবুর স্ত্রী ফরিদা খাতুন (৩৫) ও নগরীর ছোট বনগ্রাম এলাকার সেন্টুর স্ত্রী আনজুম (৪৬)। একজনের নাম-পরিচয় বিকাল পর্যন্ত পাওয়া যায়নি।