রিকশায় চড়ে ভোট দিতে গেলেন অর্থমন্ত্রী
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২৩:২০
সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রিকশায় চড়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। গতকাল শনিবার দুপুর ১১টা ৪০ মিনিটে নগরীর ১৫নং ওয়ার্ডের বন্দর বাজার পাঠশালায় তিনি তার ভোটাধিকার প্রয়োগ করেন। নিজ বাসা থেকে রিকশাযোগে তিনি ভোটকেন্দ্রে যান। ভোট প্রদান শেষে অর্থমন্ত্রী তার প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, আমার ভোট আমি দিয়েছি। নির্বাচনকে প্রভাবিত করার ব্যাপারে তার বিরুদ্ধে বিএনপির আনিত অভিযোগকে তিনি প্রত্যাখ্যান করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এটা সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচন জাতীয় নির্বাচনের উপর কোন প্রভাব ফেলবে না।
নির্বাচনের যাবতীয় বিষয় ‘নির্বাচন কমিশন’ দেখছে জানিয়ে তিনি বলেন, এক্ষেত্রে সরকারের কোন হস্তক্ষেপ নেই। পরে মন্ত্রী রিকশাযোগে বাসায় ফেরেন।