সংরক্ষণের অভাবে মেহেরপুরে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার আম

আম উত্পাদনে রাজশাহী জেলার পরই মুজিবনগরখ্যাত মেহেরপুর জেলা। ১৯৭১ সালের ১৭ এপ্রিল মেহেরপুরের মুজিবনগরের বিশাল আম্রকাননে বাংলাদেশের অস্থায়ী সরকারের মন্ত্রী পরিষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সেই পবিত্র ভূমি মেহেরপুরে আজও আধুনিক পদ্ধতির মাধ্যমে আম সংরক্ষণ করা হয় না। ফলে প্রতি বছর আম চাষিদের লাখ লাখ টাকার আম নষ্ট হয়ে যাচ্ছে। মেহেরপুর জেলা কৃষি সমপ্রসারণ বিভাগ সূত্রে জানা যায়, এ জেলায় সরকারি ও ব্যক্তিগত মালিকানায় ছোট-বড় মিলে প্রায় সাড়ে ৫ হাজার আম বাগান রয়েছে। বর্তমানে বাগানগুলো আরো সম্প্রসারণ করা হচ্ছে। চলতি বছরে জেলার প্রতি আম বাগানে প্রচুর আম ধরেছে। এবার আশানুরুপ আমের উত্পাদন হবে বলে কৃষি বিভাগ মনে করে। প্রকাশ, আনেক বাগান মালিক পাকা আম সংরক্ষণের নিয়ম জানে না। সংরক্ষণ করার কোন ব্যবস্থা না থাকায় প্রতি বছর বাড়িতে জাগ দেয়া আম পচে নষ্ট হয়ে যায়। ফলের প্রক্রিয়াজাতকরণ সেন্টার স্থাপন করা হলে মেহেরপুরের ফল নষ্ট হবে না। আম গবেষণাগার স্থাপনা হলে পার্শ্ববর্তী জেলাতেও আম বাগান সমপ্রসারণ হবে। এদিকে, ভারত থেকে উন্নতজাতের আমের চারা আসছে। এগুলো হলো সুবর্ণ, মল্লিকা, হাইব্রিড-১০, আম্রপলি, বারোমাসি ও রত্না ইত্যাদি। চাষীরা উত্পাদনে বেশি ফলন পাওয়ায় এগুলোর উপর জোর দিচ্ছে। সেই সাথে দেশি জাতের ল্যাংড়া, ফজলি, ক্ষীরসাপাতি, হিমসাগর, গোপালভোগ, মিসরিভোগ, বোম্বাই, গোপালখাস, কোহিতুর, রক্ষনভোগ, কিষানভোগ ও অন্যান্য জাতের উন্নয়নে সরকারিভাবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে জাত উন্নয়ন ঘটানো প্রয়োজন।