তিস্তা চুক্তি আলোচনা
‘ভয়ে’ ঢাকায় প্রতিনিধি পাঠাচ্ছেন না মমতা!
তারিক হাসান, কলকাতা প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২৩:২১
তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হতে পারে এই সন্দেহে ঢাকায় ১৮ জুন শুরু হতে যাওয়া যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা ব্যানার্জীর প্রতিনিধি পশ্চিমবঙ্গের সেচমন্ত্রী রাজীব ব্যানার্জী। ফলে, এই বৈঠকে বিষয়টি সুরাহা হওয়ার সম্ভাবনা ক্ষীণ।
পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন ২ জুলাই থেকে শুরু। তার আগে সে রাজ্যের সেচমন্ত্রী যৌথ নদী কমিশনের বৈঠকে যোগ দিলে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোর মানুষের কাছে ভুল বার্তা যেতে পারে। এমনই আশংকা মমতা ব্যানার্জীর। তাই তিনি সেচমন্ত্রীকে ঢাকা সফর থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন। যদিও সরকারি ভাবে জানানো হয়েছে, রাজীব ব্যানার্জী পঞ্চায়েত নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় ঢাকায় যেতে পারছেন না।
মমতা ব্যানার্জীর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, মুখ্যমন্ত্রীর ধারণা, তিস্তার বাড়তি পানি বাংলাদেশকে দিলে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলোতে চাষাবাদে সমস্যা হবে। ভোট বাক্সেও এমন সিদ্ধান্তের প্রতিফলন পড়তে পারে।
এ বিষয়ে রাজীব ব্যানার্জীর সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে ইত্তেফাককে তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় মন্ত্রী হিসেবে এলাকায় থাকা জরুরি। তাই ঢাকায় আসন্ন যৌথ নদী কমিশনের বৈঠকে তিনি যোগ দিতে পারছেন না। পশ্চিমবঙ্গের প্রতিনিধি হিসেবে সেচ দপ্তরের সচিব বা সমমর্যাদার কেউ আসবেন না।
উল্লেখ্য, ২০১১ সালের সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় তিস্তা নদীর পানি বণ্টন সংক্রান্ত চুক্তি সম্পাদন হওয়ার কথা ছিল। কিন্তু একেবারে শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী সফর বাতিল করায় সেই সময় চুক্তির সম্ভাবনা ভেস্তে যায়।