চার সিটি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে

সিলেট, বরিশাল, রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে দাবি করে আওয়ামী লীগ বলেছে, সকাল থেকেই ভোটাররা শান্তিপূর্ণভাবে উত্সবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন, সত্যের অপলাপ । তাদের এই মিথ্যা, নির্লজ্জ প্রপাগান্ডা জনগণ বিন্দুমাত্র বিশ্বাস করে না। গতকাল শনিবার বিকালে ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, বিরোধী দল পরাজয়ের আশঙ্কায় মিথ্যাচারের আশ্রয় নিয়ে গ্রাউন্ড তৈরি করে রাখছে। তারা যে অভিযোগ করছে তা মিথ্যা, বানোয়াট। অবশ্য এটা তাদের পুরোনো অভ্যাস। প্রতিটি নির্বাচনেই তারা সেনা মোতায়েনের দাবি ও নির্বাচন সুষ্ঠু হয় নাই এমন অভিযোগ তোলে। আবার নির্বাচনে জয়লাভের পরে মুখে কুলুপ আঁটে। অতীতে কয়েকটি সিটি কর্পোরেশন ও উপ-নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। তখনও তারা বাস্তবতাবিবর্জিত দায়িত্বজ্ঞানহীন আচরণ করেছে। মোহাম্মদ নাসিম বলেন, আপনারা লক্ষ্য করে থাকবেন, এই চারটি সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল শুরুর পর থেকেই তারা বিভিন্ন ধরনের কল্পিত, বানোয়াট অভিযোগ উত্থাপন করে মানুষের সহানুভূতি আদায়ের হীন পথ বেছে নেয়। তিনি বলেন, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সিলেট সিটি কর্পোরেশনের একজন ভোটার ও স্থায়ী বাসিন্দা। তিনি কি তার বাড়িতে যাবেন না? ভোটাধিকার প্রয়োগ করবেন না? বিএনপির প্রার্থীকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার কারে মোহাম্মদ নাসিম বলেন, আমরা তো শুনেছি সেখানে আমাদের প্রার্থী হিরনকেই লাঞ্ছিত করা হয়েছে। তাছাড়া সেখানে যে আবুল হোসেন নামের ব্যক্তির কথা বলা হয়েছে তিনি তো বহিরাগত, তিনি সেখানে গেলেন কিভাবে? এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, জাহাঙ্গীর কবীর নানক এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, কার্যনির্বাহী সংসদের সদস্য সুজিত রায় নন্দী ও এ কে এম এনামুল হক শামীম, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক নূরুর রহমান সেলিম প্রমুখ। এদিকে গতকাল বিকালে রাজধানীর কাওরানবাজারে টিসিবি ভবনে নিজ কার্যালয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেন, সিটি করপোরেশন নির্বাচনকে বিতর্কিত করতে বিএনপি নেতারা ঢাকায় বসে মিথ্যাচার করছেন। তারা কাল্পনিক অভিযোগ তুলে বিভ্রান্তি ছড়াতে চাচ্ছেন। বিরোধী দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে যৌক্তিক করার জন্য এ ধরনের মিথ্যাচার করছে। তিনি বলেন, জনগণ যে রায় দেবে আমরা তা মেনে নেব। এ সময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বিএম মোজাম্মেল হক এমপি প্রমুখ।