নির্বাচন সুষ্ঠু হয়েছে রায় মেনে নিন
প্রকাশ : ১৫ জুন ২০১৩, ২৩:২২
বড় কোনো গোলযোগ ছাড়াই উত্সবমুখর পরিবেশে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চার সিটি করপোরেশন নির্বাচন সম্পন্ন হয়েছে বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদ। জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা দেখিয়ে নির্বাচনের ফলাফল মেনে নেয়ার জন্য তিনি ভোটারসহ সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নির্বাচন পরবর্তী শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন।
গতকাল শনিবার চার সিটি নির্বাচনের ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় ঢাকায় নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। নির্বাচন সুষ্ঠু হওয়ায় তিনি সবাইকে ধন্যবাদ জানান। সিইসি বলেন, ভোটের ফল ঘোষণার পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে চার সিটি করপোরেশন এলাকায় আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা টহলে থাকবেন। এক প্রশ্নের জবাবে কাজী রকিব বলেন, আমাদের সামনে বড় টেস্ট রয়েছে। আসল পরীক্ষা জাতীয় নির্বাচনে। ওই নির্বাচনও যদি শান্তিপূর্ণভাবে করতে পারি তাহলে সেটিই হবে ইসির ফাইনাল সন্তুষ্টি।
প্রশাসন ও সরকারি দলের লোকজনের বিরুদ্ধে বিরোধী দল বিএনপির অভিযোগ সম্পর্কে তিনি বলেন, বিএনপির প্রতিটি অভিযোগই আমলে আনা হয়েছে। সে অনুযায়ী ব্যবস্থাও নেয়া হয়েছে। সেনাবাহিনী মোতায়েন না করার বিষয়ে সিইসি বলেন, আমরা সবকিছু পর্যালোচনা করেই সেনা মোতায়েন না করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ সেনা মোতায়েনের মত কোনো পরিস্থিতি ছিল না।
ইসির সম্মেলন কক্ষে এই ব্রিফিংয়ে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, ইসি সচিবালয়ের অতিরিক্ত সচিব সিরাজুল ইসলাম, যুগ্মসচিব জেসমিন টুলী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, পাঁচ সদস্যের বর্তমান ইসির অধীনে এটিই বড় নির্বাচন। তাদের অধীনেই আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।