রাজধানীতে ৪৬ লাখ টাকার জালনোটসহ গ্রেফতার ৩

রাজধানীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জামসহ একটি সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার সন্ধ্যায় চকবাজারের ইসলামবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪৫ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট, একটি ল্যাপটপ, দুইটি প্রিন্টার ও জাল টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে মো. জীবন ওরফে সবুজ (২৮), জামাল উদ্দিন (৩২) ও বাবুল ওরফে বাবু (২৪)।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গাড়ি চুরি, ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিমের সহকারী পুলিশ কমিশনার রফিকুল ইসলামের নেতৃত্বে কামরাঙ্গীরচর থানাধীন পূর্ব রসুলপুর এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে জীবন ওরফে সবুজ ও জামাল উদ্দিনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছে থাকা ৭ লাখ জাল টাকা উদ্ধার করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই টিম ওইদিন সন্ধ্যায় চকবাজারের ইসলামবাগে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৩৮ লাখ ৬৮ হাজার টাকার জাল নোট ও বিপুল পরিমান জাল টাকা তৈরির সরঞ্জামসহ বাবুল ওরফে বাবুকে গ্রেফতার করে।

আরও পড়ুন: পিঁয়াজের দাম বেশি নেওয়ায় প্রিন্স ও জিমার্টকে জরিমানা

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানিয়েছে, তারা জাল টাকা তৈরি করে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করতো। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচডি