শেয়ারবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন

গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বছরের সর্বোচ্চ লেনদেন হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হয়েছে ৮১৪ কোটি টাকা। যা আগের দিনের চেয়ে প্রায় ৩৭ শতাংশ বেশি। এর চেয়ে বেশি লেনদেন হয়েছিল গত বছর ৩ অক্টোবর। সেদিন বাজারে লেনদেন হয়েছিল ১ হাজার ৪৪ কোটি টাকা। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বাজেটকে কেন্দ করে শেয়ারবাজারে ইতিবাচক ধারা শুরু হয়েছে। তা এখনও অব্যাহত রয়েছে। বাজেটে সরকারের নেয়া পদক্ষেপের ফলে বিনিয়োগকারীরা ধীরে-ধীরে বাজারে ফিরতে শুরু করেছেন। এ অবস্থায় সরকার তার অবস্থান ধরে রেখে বাংলাদেশ ব্যাংকের অর্থায়ন ও কাজ অব্যাহত রাখলে বাজারে আস্থা ফিরতে পারে। তবে এর সাথে কোম্পানিগুলোর আর্থিক ফলাফলও ভালো হতে হবে। তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৯৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সাধারণ মূল্যসূচক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৫ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮১৪ কোটি ৯৭ লাখ ২৩ হাজার টাকা। যা আগের দিনের চেয়ে ২২১ কোটি টাকা বেশি। লেনদেনকৃত ২৯০টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ২৪৬টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির। আইডিএলসি’র দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে, সামপ্রতিক সময়ে রাজনৈতিক অসহিংস কর্মকাণ্ড ও নির্বাচনের প্রভাব পড়েছে শেয়ারবাজারে। তাছাড়া বৈদেশিক বিনিয়োগ ধীরে ধীরে বাড়তে শুরু করায় বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি পাচ্ছে। ফলে গত সাড়ে আট মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়েছে ডিএসইতে। লেনদেনের ক্ষেত্রে এগিয়ে ছিল পোশাক, জ্বালানি ও ফার্মাসিউটিক্যালস খাত। পোশাক খাতে লেনদেন হয়েছে মোট লেনদেনের ১২ দশমিক ৮৬ শতাংশ। আর জ্বালানি খাতে ১২ দশমিক ৬১ শতাংশ এবং ফার্মাসিউটিক্যালস খাতে লেনদেন হয়েছে ১০ দশমিক ৮১ শতাংশ। ডিএসই সূত্রে জানা গেছে, আগামীকাল মঙ্গলবার থেকে শেয়ারবাজারে ফ্যামিলিট্যাক্সের লেনদেন শুরু হবে। এন ক্যাটাগরি দিয়ে কোম্পানিটি ডিএসই ও সিএসই উভয় বাজারে লেনদেন শুরু করবে। এদিকে ডিএসই’র নবগঠিত পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. এম খায়রুল হোসেনের সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাত্ করেছে। ডিএসই’র নতুন সভাপতি আহসানুল ইসলাম টিটোর নেতৃত্বে পরিচালকবৃন্দ বিকেলে বিএসইসিতে যান। সাক্ষাত্কালে বর্তমান বাজার প্রসঙ্গ ছাড়াও ভবিষ্যত্ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা হয়। এছাড়া ডিমিউচ্যুয়ালাইজেশন বাস্তবায়নের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।