শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর অর্থনৈতিক উন্নয়নের পূর্ব শর্ত
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২১:৪০
অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হল শান্তিপূর্ণ পরিবেশ
মানুষের জীবন ও অর্থনীতিকে সুন্দরভাবে পরিচালিত হতে সাহায্য করে রাজনীতি। রাজনৈতিক পরিবেশ যতটা উন্নত হবে সে দেশের অর্থনৈতিক উন্নয়ন ততটা বৃদ্ধি পাবে। সাম্প্রতিক দেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। একটু একটু করে নয়, যেন পরিকল্পিতভাবেই ঘোলাটে করা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। চলমান রাজনৈতিক অস্থিরতায় বিনিয়োগে মন্দাভাব দেখা দিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রয়েছে সংশয়। নির্বাচন ও রাজনীতির প্রশ্নে দেশের জনগণ বিভক্ত হয়ে পড়েছে। ব্যবসা বাণিজ্যের মুখ থুবড়ে পড়ে যাওয়ার অবস্থা সৃষ্টি হয়েছে। আন্দোলনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের একটা সহজ সমাধান হোক তা আমরা চাই না। তাতে দেশের অর্থনীতির অনেকটা ক্ষতি হবে। অনেক মানুষের প্রাণহানি ঘটবে। অনেকে আবার সংবিধানের দোহাই দিচ্ছেন। এটা একেবারেই আশার কথা কেননা— সংবিধান জনগণের জন্য, সংবিধানের জন্য জনগণ নয়। সরকার সবসময় জনগণের ইচ্ছাকেই অগ্রাধিকার দিবে এটাই বাস্তবতা। এমতাবস্থায় সরকারের প্রতি আশা থাকবে জনগণ ও দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের এক সহজ পথ অবলম্বন করবেন।
সুমন আহমেদ
বিবিএ, ফজলুর রহমান হল
সিটি ইউনিভার্সিটি,
সাভার, ঢাকা
ক্ষমতা হস্তান্তরের জন্য
একটি আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে
অর্থনৈতিক উন্নয়ন সমৃদ্ধির পথে দেশ যে এগিয়ে যাচ্ছে বিশ্বজুড়ে তা আজ স্বীকৃত একটি বিষয়। কিন্তু রাজনৈতিক সংঘাত হামলা মামলায় এই সম্ভাবনা নিজ গতি থেকে সরে গিয়েছে। এভাবে চলতে থাকলে দেশের অর্থনৈতিক উন্নয়ন কোনদিন কল্পনা করা যায় না। দেশের বর্তমান সংঘাতের মূলে রয়েছে আগামী সংসদ নির্বাচন। কিন্তু ক্ষমতা হস্তান্তরের সঠিক কোন পথ দেখা যাচ্ছে না।
জনসাধারণের মনে রয়েছে সংশয়। নির্বাচন হবে কি হবে না? রাজনৈতিক প্রতিপক্ষের উপর দমন-পীড়ন, শিক্ষাঙ্গনে সন্ত্রাস সর্বক্ষেত্রে দলীয়করণ এ অপসংস্কৃতি থেকে বেরিয়ে আসতে পারেনি দেশ। স্বাভাবিকভাবেই ব্যবসা-বাণিজ্যে এর কুপ্রভাব পড়ছে। যার ফলে ব্যবসা-বাণিজ্যে অচল অবস্থা বিরাজ করছে। কিন্তু যে সমস্ত কারণে ব্যবসা-বাণিজ্যের অচল অবস্থা সেই ক্ষমতা হস্তান্তরের কোন পথ দেখা যাচ্ছে না। রাজনৈতিক ক্ষমতা হস্তান্তর রাজনৈতিকভাবেই করতে হবে। এক্ষেত্রে ক্ষমতা হস্তান্তরের একটি আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। তা না হলে দেশে আবারও সৃষ্টি হবে ১/১১-এর মত ঘটনা। মূল্য দিতে হবে সরকারি দল এবং বিরোধী দল উভয়কেই। এমতাবস্থায় আশা থাকবে দেশে ও জনগণের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
মো. বাবুল মিয়া
বিবিএ, সিটি ইউনিভার্সিটি,
সাভার, ঢাকা
বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও
সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিতিশীলতা
অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক অচলাবস্থা বিরাজ করছে। যা আমাদের অর্থনৈতিক উন্নয়নের প্রধান অন্তরায়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান খাত হলো পোশাক শিল্প। এই খাত থেকে আমাদের বৈদেশিক আয়ের শতকরা ৬০ ভাগ অর্জিত হয়।
রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে হরতালসহ অর্থনৈতিক উন্নয়নের পরিপন্থি বিভিন্ন কর্মসূচি আসছে। দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে অর্থনৈতিক উন্নয়নের মুখ থুবড়ে পড়ছে। দুর্নীতির কারণে দেশের অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র শেয়ার বাজার আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। তাই আমাদের তরুণ প্রজন্মের দাবি, যারা শেয়ার মার্কেট থেকে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে তাদের তালিকা অবিলম্বে জনগণের সামনে প্রকাশ করবে। এবং তাদের আইনের আওতাই এনে বিচার করবে। তাহলে শেয়ার মার্কেট হয়ে উঠবে আবারো চাঙ্গা। দেশের অর্থনীতি হয়ে উঠবে গতিশীল।
মো. আব্দুল করিম (বিশ্বাস)
অনার্স ১ম বর্ষ, অর্থনীতি বিভাগ
এ.এস.সরকারি কলেজ, নাটোর
শান্তিপূর্ণ উপায়ে নির্বাচনের মাধ্যম ক্ষমতা হস্তান্তর করে দেশের অর্থনীতি সচল করতে হবে
দেশে সকল সময় বিভিন্ন ইস্যুতে অস্থির পরিস্থিতি বিরাজমান থাকে। বর্তমান ইস্যু নির্বাচনকালীন সরকার ব্যবস্থা এবং হবে কি শান্তিপূর্ণ উপায়ে ক্ষমতা হস্তান্তর? এ প্রসঙ্গে বলতে চাই- বর্তমান পরিস্থিতির জন্য আমাদের দেশের সকল সময়ে বিরোধী দলগুলো দায়ী, কারণ একটি শক্তিশালী এবং দায়িত্বশীল বিরোধী দলই পারে গণতান্ত্রিক সরকারকে সঠিক পথে চলতে বাধ্য করতে। অথচ আমাদের দেশের বিরোধী দলগুলো দিনের পর দিন নিজেদের ব্যক্তিগত স্বার্থে সংসদ বর্জন করে থাকে আর সরকারকে দুর্নীতির পথে ঠেলে দিয়ে নিজেরা জ্বালাও-পোড়ানোর মাধ্যমে দেশের অর্থনীতিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায়। তাই বলছি- প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে সচেতন হোন।
সঠিক রাজনীতি ও গণতন্ত্র চর্চা করতে শিখুন। দেশ ও দেশের মানুষকে ভালবাসতে শিখুন। ত্যাগের মন-মানসিকতা গড়ুন। হয়তো জানেন যে, “ভোগে সুখ নয়, ত্যাগেই প্রকৃত সুখ”।
তাহলে আসুন, শান্তিপূর্ণ পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে দেশের অর্থনীতির চাকা সচল করে দেশের উন্নয়নের পথ প্রসারিত করুন। মনে রাখবেন, ভালবাসা মানুষকে শিল্পী করে কিন্তু প্রাচুর্য বাধার সৃষ্টি করে।
শামীম সুলতানা
আইন বিভাগ
অতীশ দিপঙ্কর বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পান্থপথ, ঢাকা