আবাহনীকে এবার ড্রয়ে বাধ্য করলো ফেনী সকার
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২২:০২
শক্তি বিচারে দুদলের তফাত অনেক হলেও সুপার কাপের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেডকে ২-২ গোলের ড্রয়ে বাধ্য করলো সকার ক্লাব ফেনী। গতকাল সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রচন্ড গরমের মধ্যে খেলতে নেমে আবাহনী দ্বিতীয় খেলাতেও ড্র এড়াতে না পারায় তাদের সেমিফাইনালে ওঠা কঠিন হয়ে গেলো। অন্যদিকে মুক্তিযোদ্ধাকে ২-১ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করল শেখ রাসেল।
সকার ক্লাবের কাছে আবাহনী প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের শেষভাগে গোলদুটি হজম করে। বলা চলে অল্পের জন্য হারের হাত থেকে রক্ষা পায় দর্শকধন্য ও ঐতিহ্যবাহী দলটি। আবাহনীর বিরুদ্ধে সকার ক্লাব গোল করে এগিয়ে ছিল প্রথমার্ধে। আকবর হোসেন রিদন পেনাল্টি থেকে গোল করেন। ডিফেন্ডার সুজন আটকাতে গিয়ে সজীবকে ফেলে দিলে পেনাল্টি পায় সকার ক্লাব। দ্বিতীয়ার্ধে আবাহনী গোলটি শোধ করতে সক্ষম হয়। ৬৬ মিনিটে আবাহনীর মিশু সমতা আনেন এবং ৬৭ মিনিটে শাহেদের গোলে এগিয়ে যায়।
আবাহনী এরপর ৮৭ মিনিটে পেনাল্টিও পেয়েছিল। কিন্তু মিশু বাঁ পায়ে আয়েশি শট মারতে গিয়ে বল তুলে দেন সকার ক্লাবের গোলকিপার মাসুদ আহমেদ উজ্জলের হাতে। তখন ২-১ ব্যবধানে এগিয়ে আবাহনী। পেনাল্টি মিসের খেসারত দিতে হবে ওয়ালী ফয়সাল, সুজন, মিশুরা সেটা বুঝতে পারেনি। আবাহনীর খেলা দেখে মনে হচ্ছিল না তারা জিততে চায়। সুপার কাপ উপলক্ষে নতুন জার্সি গায়ে নেমেছিল আবাহনী। বাস্তবতা হলো জার্সির রং দেখে তাদেরকে চিনতে হচ্ছে। আবাহনীর ঘুমপাড়ানি ফুটবলের সুযোগ নিয়ে ম্যাচের শেষ মুহূর্তে দারুণ এক গোল করে সমতা আনেন সকার ক্লাবের সজিব। দূর থেকে গড়ানো শটে গোলকিপার সোহেলকে বোকা বানিয়ে বল জালে পাঠান তিনি।
শেখ রাসেল ক্রীড়া চক্র গতকাল রবিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার কাপের খেলায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ২-১ গোলে হারিয়ে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে।
সুপার কাপে এটি তাদের দ্বিতীয় জয়। ‘এ’ গ্রুপে এখনও এক ম্যাচ হাতে রয়েছে তাদের। শেষ ম্যাচে দলটি আবাহনীর মুখোমুখি হবে। খেলাটি শেখ রাসেলের চাইতেও আবাহনীর জন্য বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই গ্রুপ থেকে দ্বিতীয় দল চুড়ান্ত হয়নি এখনো।
গত রাতের এ খেলায় শেখ রাসেল গোল হজম করে পিছিয়ে পড়েছিল কোচ শফিকুল ইসলাম মানিকে মুক্তিযোদ্ধা দলের কাছে। ৫২ মিনিটে প্রবীণ স্ট্রাইকার রোকনুজ্জামান কাঞ্চন গোল করে মুক্তিযোদ্ধাকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন। ফয়সাল মাহমুদের কর্ণার থেকে অরক্ষিত কাঞ্চন লাফিয়ে উঠে দারুন এক হেডে গোলকিপার বিপ্লবকে বোকা বানান ১-০। বয়স প্রায় ৩৪ ছাড়িয়ে যাওয়া এই ফুটবলার এখনও নিয়মিত একাদশে খেলছেন। দলের জন্য চেষ্টা করছেন। তার গোলটি কাল মুক্তিযোদ্ধাকে সেমিতে উঠার সম্ভাবনা জাগিয়েও নিভে যায় মাত্র ছয় মিনিটের মধ্যে। শেখ রাসেলের জাহিদ কাউন্টার অ্যাটাকে গোল করে দলকে লড়াইয়ে ফেরান ১-১। এরপর ৮৬ মিনিটে আনোয়ারের গোল মুক্তিযোদ্ধার স্বপ্ন ভেঙ্গে দেয় ২-১।
আজকের খেলা
বিজেএমসি ঃ ব্রাদার্স এবং মোহামেডান ঃ শেখ জামাল (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৫টা ও ৭টা)।