শেষ পর্যন্ত আজ মাঠে নামছে নাইজেরিয়া
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২২:০৪
নাইজেরিয়া আজ সোমবার কনফেডারেশন্স কাপে নিজেদের প্রথম খেলায় দুর্বল তাহিতির বিরুদ্ধে ফেভারিট হিসেবেই মাঠে নামার মধ্য দিয়ে সাম্প্রতিক বিতর্ককে পেছনে ফেলতে সক্ষম হলো। যদিও বিলম্বে ব্রাজিলে এসে পৌঁছানোর কারণে দলটি প্রস্তুতির জন্য বেশি সময় পায়নি। তাই নাইজেরীয়দের ফেভারিট হিসেবে অবস্থান খানিকটা নড়বড়ে হয়ে যায়।
এর মধ্যে আবার ওশেনিয়া চ্যাম্পিয়ন তাহিতি প্রথম দল হিসেবে কনফেডারেশন্স কাপ খেলতে ব্রাজিলে আসায় খেলাটির জন্য প্রস্তুতি নিতে ১০ দিন সময় পায়। দু’দলের মধ্যকার ‘বি’ গ্রুপের খেলাটি অনুষ্ঠিত হবে বেলো হোরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে।
কোচ স্টিফেন কেসির দল শেষ মুহূর্তে আসায় ভ্রমণ ক্লান্তি ও পরিবেশের সাথে খাপ খাওয়ানোর জন্য খুব একটা সময় পাচ্ছে না। বিশ্বকাপ বাছাইয়ের খেলার পাওনা বোনাস নিয়ে কর্তৃপক্ষের সাথে বিবাদের জের ধরে নাইজেরীয় খেলোয়াড়দের কনফেডারেশন্স কাপে অংশগ্রহণই ছিল সংশয়ে। শেষ পর্যন্ত নাইজেরিয়ার ক্রীড়া মন্ত্রী মাল্লাম বোলাজি আবদুল্লাহির মধ্যস্থতায় খেলোয়াড়দের সাথে নাইজেরীয় ফুটবল ফেডারেশনের (এনএফএফ) রফা হয়। এমনিতে সুপার ঈগল হিসেবে অভিহিত নাইজেরিয়া টানা ১৭ ম্যাচ অপরাজিত আছে। তার ওপর তাদের প্রতিপক্ষ হলো এমন একটি দল যারা ফিফা র্যাঙ্কিংয়ে আছে ১৩৮তম স্থানে। তাই তাহিতির বিপক্ষে নাইজেরীয়রা সহজ জয় তুলে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দুই লাখ ৭০ হাজার জনসংখ্যার দেশ তাহিতি ইতোপূর্বে এ ধরনের বড় আসরে কখনো খেলেনি।
কনফেডারেশন্স কাপের জন্য প্রস্তুতি ম্যাচে তাহিতি চিলির অনূর্ধ্ব ২০ দলের কাছে ৭-০ গোলে এবং ব্রাজিলের দ্বিতীয় বিভাগের দল মিনেইরোর কাছে ১-০ ব্যবধানে পরাস্ত হয়।
তারপরও আশাবাদী দলটির ফরোয়ার্ড স্টিভি ছোং হু। তিনি বলেন,‘একজন সৌখিন খেলোয়াড় হিসেবে বিশ্বের সেরাদের মুখোমুখি হওয়াটা স্বপ্ন পূরণের মতো। তারপরও এটা যেন দুঃস্বপ্নে পরিণত না হয় সেজন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।’