সমস্যা চিহ্নিত করছেন ফিজিও

বাংলাদেশের ক্রিকেটারদের ঘন ঘন ইনজুরিতেও পড়ার একটা কারণ মনে করা হয় ফিটনেসের অভাবকে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবার সেই ফিটনেস বাড়াতেই নানা ধরনের উদ্যোগ নিচ্ছে। নিউজিল্যান্ড সিরিজের আগে ক্রিকেটারদের হাতে যে সময় রয়েছে তা কাজে লাগানোর জন্য বিসিবির এই প্রচেষ্টা। এটা প্রতিটি ক্রিকেটারদের খুবই উপকারে আসবে বলেই মনে করছেন জাতীয় দলের ফিজিও বিভব সিং। দু’দিন ধরে তিনি ক্রিকেটারদের খুব কাছ থেকে দেখছেন। আজও তিনি প্রতিটি ক্রিকেটারের ফিটনেস পরীক্ষা করবেন। এরপর ক্রিকেটারদের ফিটনেস নিয়ে আলাদা-আলাদা প্রোফাইল তৈরি করবেন তিনি। দক্ষিণ আফ্রিকান এই ফিজিও আশা করছেন, নিউজিল্যান্ড সিরিজের আগে ক্রিকেটাররা ফিটনেসের দিক থেকে অনেক উন্নতি করবে। কাল সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় বিভব বললেন, ‘আমি কালও (আজ) ক্রিকেটারদের ফিটনেস পরীক্ষা করবো। এরপর একটা প্রোফাইল তৈরি করে তা বিসিবির কাছে জমা দিব। সেটা অনুযায়ীই কাজ এগুবো আমরা।’ এরই মধ্যে খেলোয়াড়দের আলাদা-আলাদা কিছু সমস্যা চিহ্নিত করেছেন বিভব। তবে সবারই সেরে ওঠার ব্যাপারে আশাবাদী তিনি, ‘আবুল হাসান রাজুর পিঠের ব্যথা রয়েছে। তাকে একজন বিশেষজ্ঞ দেখাতে হবে। একটা বিশেষ ইনজেকশনও দিতে হবে। আর নাজমুল হাসান অস্ট্রেলিয়া থেকে ফেরার পর এখন আশা করছি খুব শীঘ্রই মাঠে ফিরতে পারবে। আশা করছি ছয় থেকে আট সপ্তাহের মধ্যে সে মাঠে ফিরতে পারবে।’ তবে বাংলাদেশের প্রায় সব ক্রিকেটারের একটা ‘কমন’ সমস্যা বের করতে পেরেছেন ফিজিও। তা হচ্ছে ক্রিকেটারদের তলপেটের সমস্যা খুব বেশি। বেশিরভাগ ক্রিকেটাররা এ ধরনের ব্যথায় ভোগেন। এর জন্য তিনি একটা উপায় বের করার চেষ্টা করছেন বলে জানান, ‘অনেক ক্রিকেটারের তলপেটে ব্যথা আছে। আমি এটা লক্ষ্য করেছি। চেষ্টা করছি যেন এই সমস্যা থেকে বের হওয়া যায়।’