মিউজিক ভিডিওতে আগ্রহ বাড়ছে জনপ্রিয় তারকাদের

নব্বই দশকে যখন রাবেথ খান এবং রিঙ্গো এদেশে ব্যয়বহুল মিউজিক ভিডিও তৈরি শুরু করেন, ঠিক তখন জনপ্রিয় অভিনেত্রীরা মিউজিক ভিডিওর মডেল হিসেবে কাজ করতেন বাড়তি প্রশংসা পাবার জন্য। পারিশ্রমিক তখন গৌণ ছিল। এরপর মাঝে মিউজিক ভিডিওর নামে বিভিন্ন ভুঁইফোড় নির্মাতা অশ্লীল ভিসিডি বাজারে ছাড়লে সেই প্রবণতায় ভাটা পড়ে। বরং মিউজিক ভিডিও’র অশ্লীলতার জোয়ারে জনপ্রিয় মডেলদের এক পর্যায়ে মিউজিক ভিডিওতে কাজ করা মানেই নিজের ইমেজের অবক্ষয় এমনটাই ধারণা তৈরি হয়। কিন্তু কালক্রমে আবার মিউজিক ভিডিও ফিরে পেয়েছে তার ঐতিহ্য। পার্থক্য শুধু একটাই, আগের দিনে তারকারা বিনা পারিশ্রমিকে মিউজিক ভিডিওতে কাজ করতেন বাড়তি প্রশংসা পাবার জন্য। আর এখন জনপ্রিয় তারকারাও মিউজিক ভিডিও’র প্রতি আগ্রহী হয়ে উঠছেন বাড়তি প্রশংসা নয়, বরং বাড়তি প্রচার ও বাড়তি উপার্জনের জন্য। এই নতুন প্রবণতায় এখন আনকোরা শিল্পীরা হয়তো নিজেদের গান রেকর্ডিং-এর আগেই ছুটছেন তারকার কাছে তার গানে মডেল নির্বাচন করার জন্য। সম্প্রতি বিদ্যা সিনহা মীম, মেহজাবিন, রাখি, শখসহ একাধিক জনপ্রিয় মডেল অভিনেত্রী মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। এই নতুন প্রবণতা প্রসঙ্গে সম্প্রতি এক সাক্ষাত্কারে মেহজাবিন বলেন,‘ এটা আমাদের প্রফেশনেরই একটা অংশ। তবে হ্যাঁ গানের মান ভাল না হলে সেখানে মডেলিং করে বার বার প্রচার করলেও তাতে কোন আউটপুট আসে না। তাই এখন আমরা নিজেরা গানটা শুনে, যাচাই করেই তবে মডেল হিসেবে এই বাড়তি কাজগুলো করে থাকি।