আরিফুলের গ্রামের বাড়িতে আনন্দের বন্যা, মিষ্টি বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। রবিবার সকাল থেকে গ্রামবাসীরা একে অন্যকে মিষ্টি মুখ করাচ্ছেন। সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা সাবেক মেয়র বদর উদ্দীন আহমদ কামরানকে বিপুল ভোটে পরাজিত করে কমলগঞ্জের সন্তান ১৮ দল সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী নির্বাচিত হন। রাতে নির্বাচনের ফলাফল পাওয়ার পর থেকে আরিফুল হক চৌধুরীর গ্রামের বাড়ি কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে সর্বমহলে আনন্দের বন্যা বইতে থাকে। উপজেলার মুন্সিবাজার ও পতনঊষার ইউনিয়নে বিএনপি সমর্থকরা গতকাল সকাল থেকে একে অন্যের মাঝে মিষ্টি বিতরণ করে। মেয়র আরিফুলের শীঘ্রই গ্রামের বাড়ি উবাহাটা আসার সম্ভাবনা আছে বলে জানা যায়।