আগামী মাসেই দিনাজপুরকে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা হতে পারে
স্টাফ রিপোর্টার, দিনাজপুর
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২২:১৬
দিনাজপুর পৌরসভাকে ১৫ জুলাইয়ের মধ্যে সিটি কর্পোরেশনে উন্নীত করার ঘোষণা দিতে যাচ্ছে সরকার। ইতিমধ্যে সীমানা নির্ধারণের প্রস্তাব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
জেলা প্রশাসক আহমদ শামীম আল রাজী ইত্তেফাককে জানান, দিনাজপুরকে সিটি কর্পোরেশনে উন্নীত করার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পরিপত্রের আলোকে ইতিমধ্যে নতুন করে সীমানা সম্প্রসারিত করে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবে পৌরসভার দক্ষিণে ৬নং আউলিয়াপুরের সিকদারগঞ্জ হাট, উত্তরে সদর উপজেলার সীমানা ১০ মাইল মোড় পর্যন্ত, পশ্চিমে পুনর্ভবা নদীর কাঞ্চনঘাট এবং পূর্বে ৫নং শশরা ইউনিয়নের কাওগাঁ মোড় পর্যন্ত সীমানা নির্ধারণের কথা বলা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল মালেক দিনাজপুর সিটি কর্পোরেশনের প্রস্তাবিত সীমানা সংক্রান্ত সুপারিশ গত ৩০ মে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছেন। ৩০ জুনের মধ্যে প্রস্তাবিত সিটি কর্পোরেশনের ওয়ার্ডের সীমানা চিহ্নিত হওয়ার কথা। বর্তমান দিনাজপুর পৌরসভার ১২টি ওয়ার্ডের স্থলে কর্পোরেশনের জন্য কমপক্ষে ২১টি ওয়ার্ড করা হবে বলে জানা যায়।