খাগড়াছড়িতে স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২২:৫০
স্ত্রীকে হত্যার দায়ে স্বামী ফকির আহমদ ওরফে ফরিদ মিয়াকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালত। গতকাল রবিবার খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোঃ আমীরুল ইসলাম এ রায় দেন। ২০০৭ সালে খাগড়াছড়ি জেলা জজ আদালত স্থাপিত হওয়ার পর এই প্রথম কোন হত্যা মামলায় অভিযুক্ত আসামির ফাঁসির রায় হল।
আদালত সূত্রে জানা যায়, জেলার রামগড় উপজেলার ওয়াফাপাড়া এলাকার ফকির আহম্মদ পারিবারিক কলহের জের ধরে ১৯৯১ সালের ২৯ নভেম্বর রাতে স্ত্রী তফুরা খাতুনকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে। ঘটনার পরদিন নিহতের বাবা আলী হায়দার বাদী হয়ে রামগড় থানায় মামলা করেন। পুলিশ গত বছর আসামিকে আটকের পর আদালতে হাজীর করা হলে সে স্ত্রী হত্যার দায় স্বীকার করেন। এই হত্যাকাণ্ডের ২২ বছর পর মামলার আসামিকে ফাঁসির আদেশ দেয়া হল।