দারিদ্র্য ও অপুষ্টি দূরীকরণ

বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় জাতিসংঘের পুরস্কার

খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দারিদ্র্য ও অপুষ্টি দূর করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করায় জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) বাংলাদেশকে বিশেষভাবে পুরস্কৃত করেছে। বিশ্বের ৩৮টি দেশ এ পুরস্কার লাভ করেছে। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের প্রথম বিষয় ছিল ক্ষুধার্ত মানুষের সংখ্যা কমিয়ে আনা। এ ক্ষেত্রেও বাংলাদেশ সাফল্য অর্জন করেছে এবং এজন্য বাংলাদেশকে ডিপ্লোমা অ্যাওয়ার্ড দেয়া হয়। বাংলাদেশসহ ২০টি দেশ ডিপ্লোমা অ্যাওয়ার্ড লাভ করে। গতকাল রবিবার রোমে অবস্থিত এফএও’র সদর দপ্তরে সংস্থাটির ৩৮তম কনফারেন্সে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এ পুরস্কার প্রদান করা হয়। রোম সফররত খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বাংলাদেশের পক্ষে এফএও’র মহাপরিচালক হোসে গ্রাজিয়ানো ডি সিলভা ‘র কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন। অনুষ্ঠানে বিশ্বের ১৯৪টি দেশের মন্ত্রী ও শীর্ষ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময়ে রোমে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহদাত হোসেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক নাসের ফরিদ, ইকনোমিক কাউন্সেলর ড. মফিজুর রহমান উপস্থিত ছিলেন।