হবিগঞ্জে ৮ গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে পুলিশসহ আহত শতাধিক

হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর ইউনিয়নের আট গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে সহকারী পুলিশ সুপার, এসআইসহ শতাধিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষটি ঢাকা-সিলেট মহাসড়কের সুতাং এলাকায় ছড়িয়ে পড়লে প্রায় দুই ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়কে যোগাযোগ বন্ধ থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে। জানা গেছে, হবিগঞ্জ সদর উপজেলার নুরপুর গ্রামের কাঠ ব্যবসায়ী মলাই মিয়ার সঙ্গে পাওনা টাকা নিয়ে পার্শ্ববর্তী শ্রীরামপুরের জিতু মিয়ার শনিবার বিকেলে সুতাং বাজারে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময় সুতাং বাজারের দুইটি ভবনের ২৫/৩০টি দোকানে ভাংচুর ও লুটপাট করা হয়। এই ঘটনা নিয়ে গতকাল রবিবার সকাল ১০টায় সালিশ বৈঠক বসে। বৈঠকে একপক্ষ সালিশ না মেনে উঠে যাওয়ায় দ্বিতীয় দিনের মতো আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় এলাকার প্রায় আট গ্রামের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পাঁচ ঘন্টা স্থায়ী সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে সহকারী পুলিশ সুপার মোজাম্মেল হক, শায়েস্তাগঞ্জ থানার এস আই আশিকুল ইসলাসহ বেশ কয়েকজন পুলিশ অফিসার আহত হন। বিকেলে হবিগঞ্জের রিজার্ভ ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখনো এলাকায় উত্তেজনা থাকায় কয়েক প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে।