চার দফা দাবিতে আন্দোলনে হবিগঞ্জের রাবার শ্রমিকরা

হবিগঞ্জের শাহজিবাজার ও রূপাইছড়াসহ চারটি সরকারি রাবার বাগানের শ্রমিক-কর্মচারিরা গতকাল রবিবার সকাল ১০টা থেকে মজুরি বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণসহ চার দফা দাবিতে আমরণ অনশন শুরু করে। এ সময় শ্রমিকরা ব্যবস্থাপকসহ প্রশাসনিক কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে। দুপুরের পর হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল ওয়াদুদ ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী অসিম আগামী ১৫ দিনের মধ্যে শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করে। পরে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল ওয়াদুদ বলেন, আগামী ১৮ জুন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাবার বাগান কর্তৃপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে বৈঠক হবে। উল্লেখ্য, গত প্রায় এক সপ্তাহ ধরে বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দাবি চেষ্টা চালিয়ে রবিবার শ্রমিকরা অনশনে যায়। এ ব্যাপারে শাহজিবাজার রাবার বাগানের ব্যবস্থাপক প্রভাত চন্দ দত্ত বলেন, শ্রমিকদের দাবিগুলো বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।