বিএনপি নেতা রুহুল কুদ্দুস দুলুকে জামিন দিয়েছে হাইকোর্ট

নাটোরের যুবলীগ নেতা পলাশ কর্মকার হত্যা মামলায় বিএনপি নেতা সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে স্থায়ী জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এ আদেশ দেয়। দুলুর পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিষ্টার মওদুদ আহমদ, অ্যাডভোকেট আহসানুল করিম, ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী। সরকার পক্ষে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল অ্যাডভোকেট মমতাজউদ্দিন ফকির ও ডেপুটি এটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ। গত বছর ৮ ডিসেম্বর নাটোরে গুলিবিদ্ধ হন নাটোর শহর যুবলীগের যুগ্ম আহ্বায়ক পলাশ কর্মকার। চিকিত্সাধীন অবস্থায় ১১ ডিসেম্বর পলাশ মারা যান। এ ঘটনায় ৯ ডিসেম্বর নাটোর থানায় একটি মামলা হয়। এ মামলার আসামি বিএনপি নেতা দুলু জামিন চেয়ে আবেদন করলে গত ২ জানুয়ারি নাটোর দায়রা জজ আদালত তার জামিন আবেদন খারিজ করে দেয়। এরপর দুলু হাইকোর্টে আবেদন করেন।