নাস্তিকদের পক্ষ নেয়ায় সিটি নির্বাচনে ভরাডুবি
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২২:৫৯
হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফী বলেছেন, বাংলাদেশের তৌহিদী জনতা ইসলাম ধর্মের অবমাননাকারীদের কখনও ক্ষমা করবে না। সদ্য অনুষ্ঠিত চার সিটি কর্পোরেশনের নির্বাচনে সেটাই প্রমাণিত হল। ইসলামের বিরুদ্ধে এবং নাস্তিকদের পক্ষে অবস্থান নেয়ায় নির্বাচনে ভরাডুবি ঘটেছে। ব্যালট বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তৌহিদী জনতা রাজনীতিবিদদের আরেকবার মনে করিয়ে দিলেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিলে ক্ষমতার মসনদ এভাবেই নড়বড়ে হয়ে যায়।
গতকাল রবিবার ফেনী জেলার আলেম ওলামাদের সাথে মতবিনিময়কালে হেফাজত আমীর এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গতকাল বিকালে হাটহাজারী মাদরাসায় এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। আল্লামা শফী এ নির্বাচন থেকে শিক্ষা গ্রহণ করে অবিলম্বে ১৩ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। অন্যথায় আগামী জাতীয় সংসদ নির্বাচনেও তৌহিদী জনতার শক্তির কাছে নাস্তিক্যবাদী শক্তি খড়কুটোর মত ভেসে যাবে বলে উল্লেখ করেন।
এর আগে ফেনী জেলা হেফাজতে ইসলামের সিনিয়র সহ- সভাপতি মাওলানা আফজালুর রহমান ও সেক্রেটারি মুফতি রহিম উল্লাহ’র নেতৃত্বে ১৫ সদস্যবিশিষ্ট ওলামা প্রতিনিধি দল নগরীর একটি ক্লিনিকে চিকিত্সাধীন মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীকে দেখতে যান।