‘এ সরকারের অধীনেই নিরপেক্ষ নির্বাচন সম্ভব’

আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি বলেছেন, বর্তমান সরকার গণতন্ত্র সমুন্নত রাখা ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সব সময়ই আন্তরিক। সে কারণে সদ্য সমাপ্ত চার সিটি কর্পোরেশন নির্বাচনে স্বাধীনভাবে কাজ করেছে নির্বাচন কমিশন। এতে সরকার কোন প্রকার হস্তক্ষেপ করেনি । এই ঘটনাই প্রমাণ করে যে আগামী সংসদ নির্বাচনও এ সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ হবে। গত শনিবার সন্ধ্যায় ভোলা সদরের বটতলা বাজারে দলের স্থানীয় শাখা আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এই প্রবীণ নেতা আরো বলেন, আওয়ামী লীগের জন্মই হয়েছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, গণতন্ত্র ও উন্নয়নের ধারাকে লালন করার জন্য। এ সরকারের অধীনে এ পর্যন্ত প্রায় ছয় হাজার নির্বাচন হয়েছে; যার সবগুলোই অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলে তিনি মন্তব্য করেন। সকালে ভোলা টাউন হলে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে তোফায়েল আহমেদ আগামী নির্বাচনে দলকে শক্তিশালী করার জন্য গ্রামে-গঞ্জে সাংগঠনিক তত্পরতা বৃদ্ধির আহবান জানান। এ সময় তিনি ভোলা-১ (সদর) আসনে নির্বাচন করার ঘোষণা দিলে নেতা-কর্মীরা তাকে স্বাগত জানান। বিকালে দক্ষিণ দিঘলদী এলাকায় একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করেন তোফায়েল আহমেদ । এ সময় তার সঙ্গে ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও আওয়ামী লীগের সাধারণ সমপাদক আব্দুল মমিন টুলু, এলজিইডির প্রধান প্রকৌশলীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।