ম্যান্ডেলার অবস্থার উন্নতি হলেও আশঙ্কাজনক

দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থার উন্নতি হলেও এখনো আশঙ্কাজনক বলে জানিয়েছেন সে দেশের বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা। ফুসফুসের সংক্রমণের চিকিত্সার জন্য রাজধানী প্রিটোরিয়ার একটি হাসপাতালে ৮ জুন থেকে চিকিত্সাধীন এই নেতা। ডাক্তারদের উদ্ধৃতি দিয়ে জুমা জানান, দুই দিন ধরে ম্যান্ডেলার অবস্থার উন্নতি হচ্ছে। খবর বিবিসির। মান্ডেলা আগামী মাসে ৯৫ বছরে পা রাখবেন। তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত দেশটির প্রেসিডেন্ট ছিলেন। তিনিই দেশটির প্রথম নির্বাচিত কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। এর আগে শ্বেতাঙ্গ শাসনামলে দীর্ঘ ২৭ বছর তিনি কারাভোগ করেন। শান্তিতে নোবেল বিজয়ী ম্যান্ডেলাকে শেষবারের মত ২০১০ সালের জুলাইয়ে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা শুরুর আগে মাঠে দেখা যায়।