বিলকুড়ালিয়ায় ভূমিহীনদের ধান কাটার উত্সব
চাটমোহর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৬ জুন ২০১৩, ২৩:১১
পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়ার খাসজমিতে বোরো ধান কাটার উত্সবে মেতে উঠেছে ভূমিহীন নারী-পুরুষ। বিরূপ আবহাওয়া সত্ত্বেও এবার ধানের বাম্পার ফলন হয়েছে। আশা করা হচ্ছে, এবার অন্তত ২২ হাজার মণ ধান উত্পাদন হবে। গত ২০ বছর ধরে বিলের ৩৭১ একর খাসজমিতে চাষাবাদ করছে ১৪শ’ ভূমিহীন পরিবার। তবে এখনও পর্যন্ত বিলকুড়ালিয়ার খাসজমি তাদের নামে স্থায়ীভাবে বন্দোবস্ত হয়নি।
সরেজমিনে বিল ঘুরে দেখা গেছে, মাঠে পুরোদমে চলছে ধান কাটার ধুম। হাসিমুখে ধান কাটছে ভূমিহীন কৃষক। পুরুষের পাশাপাশি ধান কাটা ও বাড়িতে নেয়ার কাজে অংশ নিচ্ছে নারীরাও। ধান কেটে বাড়িতে নেবার পর মাড়াই করে রোদে শুকিয়ে ডোলে (গোলায়) তুলছে বাড়ির গৃহিণীরা।
আগে এ ধান উঠতো জোতদারদের ঘরে। ঐক্যবদ্ধ লড়াই সংগ্রাম করে তাদের বিল থেকে হটিয়ে ১৯৯২ সালের ১০ ডিসেম্বর বিলকুড়ালিয়ার খাসজমি নিজেদের দখলে নিয়ে চাষাবাদ করছে ভূমিহীনরা। ভূমিগ্রাসীদের হামলা, মামলা প্রতিরোধ করে সংগঠিত ভূমিহীনরা খাসজমি আঁকড়ে ধরে আছে স্থায়ী বন্দোবস্ত পাওয়ার আশায়।
ভূমিহীন নেত্রী রমেছা খাতুন ও চাম্পা খাতুন জানান, আগে দু’বেলা পেট ভরে খেতে পারতাম না। ছেঁড়া কাপড় পরতে হতো। বিলের খাসজমিতে চাষাবাদ করে পাওয়া ধানে এখন আমাদের ছয় থেকে নয় মাসের খাবারের সংস্থান হয়। দু’বেলা খেয়ে পড়ে বাঁচতে পারছি। ছেলেমেয়েদর স্কুলে লেখাপড়া করাতে পারছি। আমাদের অনেক উন্নতি হয়েছে।
এ বিষয়ে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান বলেন, এক সনা লিজে ভূমিহীনদের চাষাবাদের সুযোগ দেয়া হয়েছে। স্থায়ী বন্দোবস্ত প্রদানের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।