ভারতের মন্ত্রিসভায় রদবদল করা হবে

আজ সোমবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল করা হবে। এর আগে গতকাল রবিবার পদত্যাগ করেন রেলমন্ত্রী সি পি যোশী এবং আগের দিন শনিবার পদত্যাগ করেন গৃহায়ন ও দারিদ্র্য হ্রাস বিষয়ক মন্ত্রী অজয় মাকেন। রাষ্ট্রপতি প্রণব মুখার্জী তাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। মন্ত্রিসভায় রদবদলের আগে গতকাল দলেও পরিবর্তন করা হয়েছে। মন্ত্রিসভা থেকে পদত্যাগী দুইজনকেই ক্ষমতাসীন কংগ্রেসের সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে। এদিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোট থেকে সরে গেল জনতা দল (সম্মিলিত)। দীর্ঘ ১৭ বছরের জোট থেকে বেরিয়ে যাওয়ার পর জনতা দলের সভাপতি শারদ যাদব ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার গতকাল রবিবার বলেন, ১৯ জুন বিহার বিধানসভায় বিশেষ অধিবেশনে আস্থা আনা হবে। জনতা দলের এ ঘোষণার পর ১৮ জুন বিহার বন্ধ আহ্বান করেছে বিজেপি।