আরো দু’হাজার মৌ চাষী তৈরি করবে বিসিক

বাংলাদেশ কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) আরো দুই হাজার মৌ চাষী তৈরি করবে। বিসিক মধু উত্পাদনের মাধ্যমে আয় বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ইতিমধ্যে দেশের ১৮ হাজার মৌ চাষীদের প্রশিক্ষণ দিয়েছে। এ কার্যক্রম প্রসারে বিসিক নয় কোটি ৩৬ লাখ টাকা ব্যয়ে একটি নতুন প্রকল্প গ্রহণ করেছে। একই সঙ্গে সুন্দরবন অঞ্চলের মৌয়ালসহ প্রায় ৬ হাজার মৌ চাষীকে দক্ষতা উন্নয়নধর্মী প্রশিক্ষণ দেয়া হবে। বিসিকের ‘আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌ চাষ উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আয়োজিত মধু মেলা-২০১৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। রাজধানীর মতিঝিলে অবস্থিত বিসিক ভবনে রবিবার এ মেলার উদ্বোধন করা হয়। শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক খোন্দকার আমিনুজ্জামান। এতে অন্যদের মধ্যে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জি এম জয়নাল আবেদীন ভুঁইয়া, বিসিক পরিচালক মো. জাহাঙ্গীর মোল্লা এবং পতিত পাবন বৈদ্য আলোচনায় অংশ নেন।