চুয়াডাঙ্গায় আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শিল্পকলা একাডেমি চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। 

তিনি বলেন, ‘রমজান মাসের মধ্যেই চুয়াডাঙ্গা জেলার নতুন ইউনিয়নগুলোর সম্মেলন সম্পন্ন করতে হবে। জুলাই মাসের মধ্যে সকল ইউনিয়নের সম্মেলন শেষ হতে হবে। আর ১৫ সেপ্টেম্বর এর মধ্যে সকল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে হবে। 

আব্দুর রহমান আরও বলেন, ‘২৮ সেপ্টেম্বর আমাদের নেত্রীর জন্মদিন। নেত্রীর জন্মদিনের আগেই জেলা আওয়ামী লীগের সম্মেলন আমরা করতে চাই। সেই লক্ষেই সবাইকে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে।’

খুলনা বিভাগে দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, ‘সংগঠনকে শক্তিশালী বরার পাশাপাশি দলের ত্যাগী নেতাকর্মীদের খোঁজ-খবর আমাদের নিতে হবে। দলের দুঃসময়ের ত্যাগী নেতাকর্মীদের অন্তর্বেদনা আমাদের বুঝতে হবে।’


সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। ছবি: সংগৃহীত

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের আসন্ন জাতীয় সম্মেলন উপলক্ষে আমরা খুলনা বিভাগের প্রত্যেকটি জেলা ইউনিটের অধীনস্থ সকল মেয়াদোত্তীর্ণ উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এর কাউন্সিলের এর মাধ্যমে কমিটি করতে চাই। সেপ্টেম্বরের মধ্যে সকল জেলা ইউনিটের কাউন্সিল করতে চাই। আমি বিশ্বাস করি, সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটি সম্ভব হবে। আগামীকাল যশোর জেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।’

আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন বলেন, ‘তৃণমূলের নেতাকর্মী শেখ হাসিনার বিশ্বস্ততার জায়গা। সেই তৃণমূলকে সংগঠিত করতে আমরা অঙ্গীকারাবদ্ধ। সেই পরিকল্পনাকে মাথায় রেখে বাংলাদেশ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ সারা দেশে সাংগঠনিক সফরে নেমেছে।’

সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৩ মে নড়াইল জেলা, ১৪ মে সাতক্ষীরা, ১৮ মে খুলনা মহানগর, ১৯ মে খুলনা জেলার বর্ধিত সভা করা হবে। 


আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন। ছবি: সংগৃহীত

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জুয়ার্দার ছেলুন এমপি। সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ। প্রধান বক্তা ছিলেন খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।  

এছাড়া আরও বক্তব্য করেন- চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জীবন নগর উপজেলা সভাপতি গোলাম মর্তুজা, চুয়াডাঙ্গা সদর উপজেলার সভাপতি আব্দুল মান্নান নান্নু, দামুড়দা উপজেলা সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আলমডাঙ্গা উপজেলার সভাপতি হাসান কাদির গনু, জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দার টোটন, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আলি আসগর টগর এমপিসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ।

বর্ধিত সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা প্রমুখ।

উপস্থিত নেতা-কর্মীরা। ছবি: সংগৃহীত

ইত্তেফাক/জেডএইচ