আড়াইহাজারে পৌর নির্বাচন

বিএনপির সমর্থন না পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুটি পৌরসভায় মেয়র পদে বিএনপির সমর্থন না পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে পরিস্থিতি ঘোলাটে করার অভিযোগ উঠেছে। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান খান খসরু রবিবার বিকালে এক লিখিত বিবৃতিতে বলেন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারসহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনাসাপেক্ষে দুইজন প্রার্থীকে সমর্থন দেয়ার পর সমর্থন না পাওয়া প্রার্থীরা নিজেদের বিএনপির নেতা পরিচয় দিয়ে প্রকৃতপক্ষে আওয়ামী লীগের এজেন্ট হিসাবে কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়, শনিবার বিকালে আড়াইহাজার সদর পৌরসভায় বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হিসাবে পারভীন আক্তারের নাম ঘোষণার পর ৪ প্রার্থী পাল্টা সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন। এরা হলেন জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক ফৌজিয়া ইয়াসমিন পপি, আইনজীবী ফোরামের ঢাকা ইউনিটের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সেলিম, রুহুল আমিন মোল্লা, কথিত নামধারী সাবেক ভিপি কবির হোসেন। তাদের মধ্যে উপজেলা যুবদলের সাবেক সভাপতি পদবী ব্যবহারকারী রুহুল আমীন মোল্লা ও ভিপি পদবী ব্যবহারকারী কবির হোসেনের নাম স্থানীয় কোন যুবদলের কমিটিতে নেই। এদের মধ্যে রুহুল আমিন মোল্লার বাবা মৃত ইসলাম মোল্লা ১৪ দলীয় জোটের জাকের পার্টির আড়াইহাজার ইউনিয়নের সাবেক সভাপতি ছিলেন এবং রুহুল আমিন মোল্লা আড়াইহাজার থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজের শ্যালক। আইনজীবী ফোরামের ঢাকা ইউনিটের যুগ্ম সম্পাদক পদবী ব্যবহারকারী অ্যাডভোকেট আব্দুস সেলিম। অথচ বিএনপির আইনজীবী ফোরাম সম্পর্কিত কোন কমিটি নেই।