ফুলবাড়ী সীমান্ত থেকে নারীসহ তিনজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত থেকে এক নারীসহ ৩ বাংলাদেশিকে জোরপূর্বক ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘটনাটি ঘটেছে গত রবিবার দুপুরে উপজেলার ধর্মপুর সীমান্তে। আটক ব্যক্তিদের স্বজন মহিরউদ্দিন ও পঁচা মিঞা জানান, ভারতের দিল্লীতে কাজ করে বাড়ি ফেরার পথে ওই সীমান্তের ৯৪৪/৯৪৫নং আন্তর্জাতিক সীমানা পিলারের মাঝ দিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় সেউটি-১ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের আটক করে। আটক ব্যক্তিরা হলেন উপজেলার নওদাবশ গ্রামের এরশাদ আলীর পুত্র লিটু মিয়া (১৯), চন্দ্রখানা গ্রামের ওবায়দুল হকের পুত্র আরিফ (১২) ও স্ত্রী পারভীন বেগম (৩০)। কুড়িগ্রাম ৪৫ বিজিবি’র কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার রাই মোহন জানান, আটকদের ফেরত আনার প্রক্রিয়া চলছে।