গাজীপুর সিটি নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে কমিশন বদ্ধপরিকর

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ জাবেদ আলী বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ করার জন্য নির্বাচন কমিশন সর্বতোভাবে চেষ্টা করবে। নির্বাচনে ভোটাররা যাতে নির্বিগ্নে উত্সবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তেমন পরিবেশ সৃষ্টি করা হবে। নির্বাচন সংশ্লিষ্ট সকলের যৌথ প্রচেষ্টায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন করা সম্ভব মন্তব্য করে তিনি আরো বলেন, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন আমরা অবশ্যই স্মরণীয় করে রাখব। তিনি রবিবার সকালে জেলার সার্কিট হাউজে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ২০১৩ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় নির্বাচন সংক্রান্ত তথ্য উপাত্ত উপস্থাপন করেন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং অফিসার মোঃ মতিয়ার রহমান। সভায় বক্তব্য রাখেন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ইকরামুল হক, পুলিশ সুপার মোঃ আব্দুল বাতেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এ.কে.এম ফজলুল হক মিলন, সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মুজিবুর রহমান প্রমুখ। ইসি মোঃ জাবেদ আলী আরো বলেন, কেউ যদি আচরণবিধি লংঘন করে তাহলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। নির্বাচনে সবার জন্য একই লেভেল বজায় রাখা হবে। এক্ষেত্রে নির্বাচন কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকবে।