স্পেনের শুভ সূচনা

জয় দিয়েই কনফেডারেশন কাপের যাত্রা শুরু করলো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। গত রবিবার পেদ্রো রড্রিগেজ এবং রর্বাতো সোলদাদোর গোলে নিজেদের উদ্বোধনী খেলায় ২-১ গোলে উরুগুয়েকে হারায় তারা। লুইজ সুয়ারেজ উরুগুয়ের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেছিলেন খেলাটির শেষদিকে। সেটা বাদ দিলে বাকিটা সময় রিফে অনুষ্ঠিত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতেই রাখে স্পেন। টানা দুইটি ইউরো চ্যাম্পিয়নশিপ ও একটি বিশ্বকাপ জয়ের পর এবার যে তারা কনফেডারেশন কাপও জয় করতে চায় সেটা প্রথম ম্যাচের পারফরম্যান্স দিয়েই বুঝিয়ে দিল ইউরোপিয়ান দলটি। স্পেনের কোচ ভিসেন্তে ডেল বস্ক টেলিসিনকোকে জানান, দলের খেলায় তিনি সন্তুষ্ট। তবে তাপমাত্রা নিয়ে দুশ্চিন্তা রয়েছে তার, ‘আমরা আসলেই খেলার শেষদিকে ক্লান্ত হয়ে পড়েছিলাম। যখন আপনি এমন তাপমাত্রায় খেলবেন এমনটা হতেই পারে। প্রথমার্ধে আমরা অসাধারণ খেলেছি এবং আমি মনে করি এরচেয়ে ভালো খেলেছি দ্বিতীয়ার্ধে। কিন্তু শেষের দিকে আমরা কিছুটা ভুক্তভোগী। এখানে তিনটি পয়েন্ট পাওয়া গেছে। যার ফলে সেমিফাইনালে পৌঁছানোর কাজটা সহজ করে দিয়েছে।’ সেস ফ্যাব্রেগাস, পেদ্রো এবং আন্দ্রেস ইনিয়েস্তা স্পেনের আক্রমণভাগ ক্ষুরধার করে তুলে। খেলার ২০ মিনিটে পেদ্রো দলের প্রথম গোলটি করেন। উরুগুয়ে গোলটি হজম করার পর জেগে উঠে। নাপোলির এডিসন কাভানি দারুণ হেড করেছিলেন; কিন্তু গোলরক্ষক ইকার ক্যাসিয়াস এই প্রচেষ্টা ব্যর্থ করে দেন। ফ্যাব্রেগাসের বাড়িয়ে দেয়া বল থেকে সোলদাদো গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। স্পেন দ্বিতীয়ার্ধে অনেকটা ফুরফুরে মেজাজে ছিল। কিন্তু খেলাটির নিয়ন্ত্রণ তাদের হাতেই ছিল। আরো একটি গোল তারা পেতে পারতো ৪৯ মিনিটে। সোলদাদোর ক্রস থেকে পেদ্রো গোল করতে ব্যর্থ হন। এরপর দুই দলই আক্রমণে খুব একটা তত্পর ছিল না। কিন্তু উরুগুয়ে খেলার শেষদিকে লিভারপুলের স্ট্রাইকার লুইজ সুয়ারেজের কাছ থেকে গোল পেয়ে যায়। খেলা শেষ হওয়ার দুই মিনিট আগে ফ্রি-কিক থেকে বাঁকানো শটে গোল করেন সুয়ারেজ। উরুগুয়েকে বল দখল নিতে বেশ বেগ পেতে হয়েছে। প্রথমার্ধে তো স্পেনের পায়ে বল ছিল বেশিরভাগ সময় (৭৮ শতাংশ)। সুয়ারেজ ও কাভানি ক্যাসিয়াসকে তেমন বড় ধরনের বিপাকে ফেলতে পারেনি। ফলে স্পেন টানা ২৩ ম্যাচ অপরাজেয় থাকলো। স্পেনের পরবর্তী খেলাটি আগামী বৃহস্পতিবার তাহিতির সাথে। একইদিনে উরুগুয়ে মুখোমুখি হবে নাইজেরিয়ার। এক নজরে গ্রুপ ‘এ’ মেক্সিকো ১ ইতালি ২ গ্রুপ ‘বি’ স্পেন ২ উরুগুয়ে ১