৭৯ বছর বয়সেও ক্রিকেট!

জ্যামাইকার সেসিল রাইটের বয়স এখন ৭৯। বয়সটা আর যাই হোক ক্রিকেট খেলার জন্য মোটেও উপযোগী নয়। তবে বিস্ময়কর হলেও সত্যি যে, এ বয়সেও দিব্যি প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলে যাচ্ছেন এ ফাস্ট বোলার। আর শুধু খেলার জন্য খেলা নয়; এখনো তিনি রীতিমতো দুর্ধর্ষ এক বোলার। শেষ চারটি প্রথম শ্রেণির ম্যাচে ১৫টি উইকেট পাওয়া একজন বোলারকে নিশ্চিন্তভাবেই হালকা করে দেখবে না পৃথিবীর কোন ব্যাটসম্যানই। বন্ধুদের কাছে ‘সেস’ নামে পরিচিত এ জ্যামাইকান সেই পঞ্চাশের দশক থেকে আজ অবধি খেলে যাচ্ছেন। প্রায় ৬৫ বছরের ক্যারিয়ারে খেলেছেন ভিভ রিচার্ডস, জোয়েল গার্নার, স্যার গ্যারি সোবার্স ও ডেনিস কম্পটনের মতো তারকাদের সাথে। এখন পর্যন্ত প্রায় সাত হাজারের উপর উইকেটের মালিক ইংল্যান্ডে খেলা সবচেয়ে বয়স্ক ক্রিকেটারদের একজন। বৃহত্তর ম্যানচেস্টারের ওল্ডহ্যামের এ বাসিন্দা বলেন, ‘আমি ভাগ্যবান ইনজুরির কারণে কখনো আমার খেলা বন্ধ করতে হয়নি।’