টেস্ট দলে ফেরা কঠিন হবে ওয়ার্নারের
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২২:৩২
স্কোয়াডে জায়গা ফিরে পাওয়াটা ডেভিড ওয়ার্নারের জন্য কঠিন হবে বলে জানিয়েছেন অধিনায়ক মাইকেল ক্লার্ক। কয়েকদিন আগে একটি পানশালায় ইংলিশ ক্রিকেটার জো রুটকে ঘুষি মারার অপরাধে বর্তমানে নিষেধাজ্ঞার মধ্যে রয়েছেন ওয়ার্নার।
গতকাল সোমবার সিডনি টেলিগ্রাফে ছাপানো এক কলামে তিনি লিখেছেন, ওয়ার্নারের ওই আচরণ কেউ মেনে নেয়নি। বরং সাড়ে চার মাসের এই ইংল্যান্ড সফরের শুরুতে সবাইকে আরো বিক্ষুব্ধ করেছে। এখন সতীর্থ খেলোয়াড়দের আস্থা অর্জন এবং দর্শকদের মন ফের জয় করতে হলে তাকে কঠোর পরিশ্রম করতে হবে।
মারামারির ঘটনায় অসি দলের মারকুটে ওই ব্যাটসম্যানকে ১১ হাজার ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করার পাশাপাশি আসন্ন এ্যাশেজ সিরিজ শুরুর আগমুহূর্ত পর্যন্ত নিষিদ্ধ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ফলে বর্তমানে ইংল্যান্ডে চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি আর অংশগ্রহণ করতে পারছেন না। সেই সঙ্গে আগামী ১০ জুলাই নটিংহ্যামে এ্যাশেজের প্রথম টেস্টের আগে দু’টি অনুশীলন ম্যাচে অংশগ্রহণের সুযোগ থাকছে না ওয়ার্নারের।
তবে ক্লার্কের মতে দলে আবার জায়াগা ফিরে পাওয়াটা কঠিন হবে ওই ওপেনারের জন্য। তিনি বলেন, ‘ডেভিড (ওয়ার্নার) শাস্তি ভোগ করছেন এবং এরই ফলশ্রুতিতে তার জন্য আরো ভোগান্তি অপেক্ষা করছে।
পত্রিকায় দেয়া কলামে ক্লার্ক বলেন, ‘নিষেধাজ্ঞার কারণে তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির বাকি ম্যাচগুলো ছাড়াও অংশ নিতে পারবেন না টেস্ট পূর্ব অনুশীলন ম্যাচে। ফলে টেস্ট দলে পুনরায় জায়গা ফিরে পাওয়াটা তার জন্য কঠিন হয়ে যাবে।’
ডেভিড তার ওই শাস্তি মেনে নিয়েছেন। তিনি এটিও জানেন যে সতীর্থ খেলোয়াড় এবং অস্ট্রেলিয়ার ক্রিকেট অনুরাগীদের আস্থা ফিরে পেতে হলে এই সফরটির পুরো সময় জুড়েই তাকে কঠিন পরিশ্রমের মধ্যে থাকতে হবে। ক্লার্ক আরও বলেন, ‘আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই যে ডেভিডের ওই ব্যবহার একজন অস্ট্রেলীয় ক্রিকেটার হিসাবে কেউ মেনে নেবে না।’ - বাসস/এএফপি