খুলনা বিভাগ থেকে ঢাকা যাবে না কোনো পরিবহন

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গতকাল সোমবার সকাল থেকে খুলনা বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু করেছে শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটি। শ্রমিক নেতারা জানান, তারা দীর্ঘ ৪ মাস ধরে বেতন-ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। দাবি না মানা পর্যন্ত খুলনা বিভাগ থেকে কোনো পরিবহন চালিয়ে তারা ঢাকায় যাবেন না। খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাত্ হোসেন মৃধা জানান, ঢাকা-চট্টগ্রামের চালকরা প্রতিদিন তাদের বেতন-ভাতা হিসাবে ১ হাজার টাকা করে পান। অথচ খুলনার চালকরা পান ৫০০ থেকে ৫৫০ টাকা। খুলনার চালকদের ফেরি পারাপার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। এজন্য তাদের ব্যক্তিগত অনেক খরচ হয়। ফলে তাদের প্রাপ্ত বেতন-ভাতার অবশিষ্টাংশ দিয়ে সংসার চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে। এ বাস্তবতায় বেতন-ভাতা ১ হাজার টাকা করার দাবি জানানো হয়। তিনি আরও জানান, ইতিমধ্যে চট্টগ্রাম ও বরিশাল বিভাগে শ্রমিকদের বেতন ভাতা বৃদ্ধি করা হয়েছে। কিন্তু খুলনা বিভাগের মালিকরা শ্রমিকদের দাবি মানছেন না। বাধ্য হয়ে গতকাল সোমবার সকাল থেকে খুলনা বিভাগের খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরসহ ১০ জেলার পরিবহন শ্রমিকরা ধর্মঘটে গেছেন। এজন্য এ অঞ্চল থেকে কোন পরিবহন ঢাকায় যাচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চলবে।