চলতি সংসদ অধিবেশনে দাবি না মানলে সরকারের করুণ পরিণতি

ইসলামী দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দ বলেছেন, ৯২ ভাগ মুসলমানের এদেশে ইসলাম ও ইসলামী বিধি-বিধান নিয়ে ষড়যন্ত্র করে এবং আলেম উলামাদের উপর নির্যাতন চালিয়ে কেউ ক্ষমতায় টিকে থাকতে পারবে না। এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, গত ৫ মে গভীর রাতে ক্লান্ত-শ্রান্ত, ইবাদতরত আলেম, হাফেজ, পীর-মাশায়েখ ও তৌহিদী জনতার উপরে যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছে তা দুনিয়ার ইতিহাসের সকল বর্বরতাকে হার মানিয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণার পর মাসাধিককাল পার হলেও ৫ মে যারা পবিত্র কুরআন মজীদে আগুন জ্বালিয়েছে, বায়তুল মোকাররমের দোকানে আগুন দিয়েছে তাদেরকে গ্রেফতার করা হয়নি। তারা বলেন, আল্ল¬ামা আহমদ শফীসহ শীর্ষ উলামায়ে কেরাম ও দেশ-বিদেশের সকল বুদ্ধিজীবী মহল থেকে ৫ মে কালো রাতে বর্বর গণহত্যার কুশীলব ও নেপথ্য নায়কদের ব্যাপারে বিচার বিভাগীয় তদন্ত দাবি করলেও আজও তার কোন উদ্যোগ নেয়া হয়নি। ক্লান্ত, ঘুমন্ত, ইবাদত ও জিকিররত তৌহিদী জনতার উপর বর্বর নৃশংস হত্যাযজ্ঞের ও ইসলাম নির্মূল নীতির চাপা ক্ষোভে ও ক্রোধে জ্বলে ভস্মীভূত হওয়া শুরু হয়েছে মহাজোট সরকারের ক্ষমতার মসনদ। ৪ সিটি নির্বাচনে এদেশের সর্বস্তরের তৌহিদী জনতা সে প্রমাণ দিয়েছে। প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে বিবৃতিতে বলা হয়, সংসদের চলতি অধিবেশনেই আমাদের ঈমানী দাবিসমূহ মেনে নিন। বর্তমান অধিবেশনেই বিশেষ বিল উত্থাপন করে মহান আল্ল¬াহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুন:স্থাপন, কুরআন সুন্নাহ বিরোধী ও নারীর প্রতি অবমাননাকর নারী নীতি সংশোধন, ধর্মহীন জাতীয় শিক্ষা নীতি সংশোধন, ফতোয়া ও হিজাবের বিরুদ্ধে অবস্থানকারীদের ও মহান আল্ল¬াহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লামের কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় আপনার সরকারকে চরম খেসারত দিতে হবে। বিবৃতিতে স্বাক্ষর করেন- শীর্ষ আলেমেদ্বীন, রাবেতা আলম আল ইসলামীর স্থায়ী সদস্য ও সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের সভাপিত মাওলানা মুহিউদ্দীন খান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রধান আমীরে শরীয়ত ও ইসলামী দল সমূহের আহবায়ক মাওলানা শাহ আহমদুল¬াহ আশরাফ, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি শাইখ মাওলানা আবদুল মোমিন, সাবেক মন্ত্রী খেলাফত মজলিশের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মাদ ইসহাক, ইসলামী ঐক্যজোটের আমীর মাওলানা আব্দুল লতিফ নেজামী, সম্মিলিত উলামা মাশায়েখ পরিষদের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন, ইসলামী দল সমূহের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল¬াহ খান, সম্মিলিত উলামা মাশায়েখ যুগ্ম-মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ফরায়েজী আন্দোলনের আমীর মাওলানা আবদুল¬াহ মোহাম্মাদ হাসান প্রমুখ।