গরীব মানুষের ঈমান কিনে সিটি নির্বাচনে জিতেছে বিএনপি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বিএনপি ধর্মকে ব্যবহার করে এবং টাকা দিয়ে গরীব মানুষের ঈমান কিনে সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করেছে। কিন্তু শেখ হাসিনা গরীব মানুষকে ব্যবহার না করে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করে প্রমাণ করে দেখিয়েছেন, আওয়ামী লীগ বিএনপির মতো ভোট কারচুপি করে নির্বাচন করে না। তিনি বলেন, সিটি করপোরেশন নির্বাচনে শেখ হাসিনা প্রমাণ করেছেন দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আগামী জাতীয় নির্বাচনে জনগণকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নইলে দেশে হাওয়া ভবনের শাসন ও জঙ্গিবাদের শাসন কায়েম হবে। গতকাল সোমবার কাজীপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কাজীপুর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। আরো বক্তব্য রাখেন খালিদ মাহবুব চৌধুরী এমপি, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জুনায়েদ হোসেন পলক এমপি, তানভীর শাকিল জয় এমপি, আবু ইউসুফ সূর্য প্রমুখ।