সুদিপ্ত কুমার নাগ
বরাবর উপাচার্য,
বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়,
বাংলাদেশ।
বিষয় :লুঙ্গি অথবা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ক্লাস করার জন্য আবেদন।
জনাব,
যথাবিহিত সম্মানপূর্বক বিনীত নিবেদন এই যে, প্রচণ্ড গরমের মধ্যে আমরা সারাদেশের সকল মানুষ খুব কষ্টে আছি। আমরা বিশ্ববিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীরা প্রতিদিন জিন্সের প্যান্ট অথবা ফরমাল প্যান্ট পরে ক্লাস করি। কিন্তু প্রচণ্ড গরমে আমাদের এই প্যান্ট পরে থাকতে খুব কষ্ট হয় এবং বেশিক্ষণ বসে থাকতে পারি না। তাই আমরা সকল বিশ্ববিদ্যালয়ের ছেলে শিক্ষার্থীরা এই গরমের জন্য জিন্সের প্যান্ট বা ফরমাল প্যান্টের পরিবর্তে লুঙ্গি বা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ক্লাস করতে চাই। আর বাঙালিদের ঐতিহ্যবাহী পোশাক হলো লুঙ্গি। এই লুঙ্গি বা থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ক্লাস করলে আমরা গরমে তেমন কষ্ট পাব না, আবার শান্তিতে ক্লাসও করতে পারব। তবে কোনো ছেলের যদি লুঙ্গি খুলে যাওয়ার ভয় থাকে বা অনেকেই ঠিকমতো লুঙ্গি পরতে পারে না, তাদের জন্য যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পেশাল বেল্ট বা দড়ির ব্যবস্থা করা হতো, তাহলে ভালো হতো। এছাড়া গরমে অনেকেরই পেটের বিভিন্ন রকমের সমস্যার কারণে বারবার বাথরুমে যেতে হচ্ছে। তারা লুঙ্গি পরে ক্লাসে এলে, ঠিকমতো বারবার বাথরুমেও যেতে পারত, আবার ক্লাসও করতে পারত।
অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, এই প্রচণ্ড গরমে স্বস্তি পাওয়ার জন্য এবং আমাদের ঐতিহ্যবাহী পোশাক লুঙ্গির প্রচলন ধরে রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে লুঙ্গি ও থ্রি কোয়ার্টার প্যান্ট পরে ক্লাস করার অনুমোদন দিয়ে আমাদের শান্তিতে পড়ালেখার সুযোগ করে দেবেন।
নিবেদক
দেশের সকল বিশ্ববিদ্যালয়ের
সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে
লুঙ্গি ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি
জনাব লুঙ্গি মিয়া মাতবর