খালেদা ও এরশাদ সিঙ্গাপুরে
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২৩:০৭
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ দু’জনই এখন সিঙ্গাপুরে রয়েছেন। বিরোধী দলীয় নেতা দেশটির মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্য-পরীক্ষা করিয়ে চিকিত্সকের পরামর্শ নিচ্ছেন। এরশাদ ও তার পত্নী রওশন এরশাদও একই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন বলে জানা গেছে।
একই দেশে অবস্থান ও একই হাসপাতালে চিকিত্সা নেয়ার সুবাদে খালেদা জিয়ার সঙ্গে এরশাদের দেখা হতে পারে-এমন কথা শোনা গেলেও গতকাল সোমবার রাত পর্যন্ত কোনো সূত্রই বিষয়টি নিশ্চিত করতে পারে নি। তবে খালেদা জিয়ার সঙ্গে রওশন এরশাদ দেখা করতে পারেন বলে অন্য একটি সূত্রে জানা গেছে।
এরশাদের সফরসঙ্গী, তার একান্ত সচিব মেজর (অব.) খালেদ আকতার গত রাতে সিঙ্গাপুর থেকে টেলিফোনে ইত্তেফাককে বলেন, ‘এটি স্রেফ গুজব, এর কোনো ভিত্তি নেই, এরকম কোনো সম্ভাবনাও ছিল না।’ খালেদা জিয়া হায়াত হোটেলে আর এরশাদ প্যান প্যাসিফিক হোটেলে উঠেছেন বলে তিনি জানান।
খালেদা জিয়া রবিবার রাতে সিঙ্গাপুরে যান । আগামী ২৪ জুন তার দেশে ফেরার কথা রয়েছে। একান্ত সচিব সালেহ আহম্মেদ তার সঙ্গে রয়েছেন। অন্যদিকে এরশাদ গত ১০ জুন থেকে সিঙ্গাপুরে আছেন। সঙ্গে রয়েছেন স্ত্রী রওশন এরশাদ, ছেলে রাহাগির আলমাহি এরশাদ (সাদ) ও একান্ত সচিব খালেদ আকতার। গত ১৬ জুন এরশাদের দেশে ফেরার কথা থাকলেও চিকিত্সকের পরামর্শে তিনি দু’দিন পর আজ ফিরছেন বলে জানা গেছে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলীও একই হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। জানা গেছে, তিনি কিডনি সমস্যায় ভুগছেন। তিনদিন আগে তিনি সিঙ্গাপুরে যান। এরশাদের একান্ত সচিব জানান, বিএনপি নেতা মোসাদ্দেক আলীও ওই হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন বলে তারা শুনেছেন, তবে তার সঙ্গেও এরশাদের দেখা বা কথা হয়নি।
তবে বিএনপির একটি সূত্র ইত্তেফাককে জানায়, সিঙ্গাপুর যাওয়ার কিছুদিন আগে এরশাদ বিএনপির এক শীর্ষ নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তবে তাদের মধ্যে কী কথা হয়েছে তা জানা সম্ভব হয়নি।