নিউজপ্রিন্টের বর্ধিত শুল্ক প্রত্যাহার করুন :নোয়াব

নিউজপ্রিন্টের আমদানিতে বর্ধিত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশনের (নোয়াব) নেতৃবৃন্দ। গতকাল সোমবার নোয়াব সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে নোয়াবের নেতৃবৃন্দ সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাত্ করে এ দাবি জানান। প্রতিনিধি দলে ছিলেন ‘সমকাল’ সম্পাদক গোলাম সারওয়ার, ‘ডেইলি স্টার’ সম্পাদক মাহফুজ আনাম, ‘প্রথমআলো’ সম্পাদক মতিউর রহমান, নিউজটুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ প্রমুখ। বৈঠক শেষে মাহফুজ আনাম সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছে। এর সাথে অন্যান্য শুল্ক ও কর যুক্ত হয়ে এ খাতের মোট শুল্ক-করের পরিমাণ দাঁড়াবে ৬১ শতাংশ। এটি কার্যকর হলে দেশের সংবাদপত্র শিল্প ধ্বংস হয়ে যাবে। রিয়াজউদ্দিন আহমেদ বলেন, স্থানীয় নিউজপ্রিন্ট আমাদের চাহিদা পূরণ করতে পারবে না এবং এর ফলে নিউজ পেপারের মান নিচে নেমে যাবে। এ বিষয়টি আমরা অর্থমন্ত্রীকে বলেছি। অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বিষয়টি আমরা বিবেচনা করছি। তাদের দাবি আগেও শুনেছি। তবে তাদের কোন কথা দেইনি। বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। গত ৬ জুন প্রস্তাবিত বাজেটে নিউজপ্রিন্টের আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে ২৫ শতাংশ করার প্রস্তাব করা হয়। পাশাপাশি মুদ্রণশিল্পের জন্য ব্যবহূত প্লেটের আমদানি শুল্কও ৯ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়।