নারায়ণগঞ্জ হেফাজতের আহ্বায়কসহ ২৬ জনের জামিন

নারায়ণগঞ্জ হেফাজতে ইসলামের আহবায়ক, সদস্য সচিবসহ ২৬ জন নেতাকর্মী জামিন পেয়েছেন। সোমবার হাইকোর্টের একটি বেঞ্চ ৬টি মামলায় ২৮ দিনের জন্য তাদের জামিন মঞ্জুর করেন। হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর কমিটির সদস্য সচিব মাওলানা ফেরদাউসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ মে নারায়ণগঞ্জের সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের লোকজনদের সঙ্গে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ হয়। এ ঘটনায় সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জ থানায় হেফাজতে ইসলামের জেলা, সিদ্ধিরগঞ্জ থানাসহ বিভিন্ন স্থানের নেতাকর্মীদের আসামি করে ৬টি মামলা দায়ের করা হয়। এর পর থেকেই মামলার আসামিরা পলাতক ছিল। হেফাজতের নেতাকর্মীদের আইনজীবী অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার জানান, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে সোমবার দুপুরে ৬ মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিকালে আসামিদের সকলেই আদালতে উপস্থিত ছিলেন। চার সপ্তাহ পর জামিনপ্রাপ্তদের নিম্ন আদালতে হাজির হওয়ার কথা বলা হয়েছে। জামিনপ্রাপ্ত নেতাদের মধ্যে রয়েছেন হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ জেলা কমিটির আহবায়ক ও শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদের ইমাম মাওলানা আবদুল আউয়াল, সদস্য সচিব আবদুল কাদির, যুগ্ম আহবায়ক মুফতি আজিজুল হক, মহানগর কমিটির আহবায়ক মাওলানা মহিবুল্লাহ, সদস্য সচিব মাওলানা ফেরদাউসুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহবায়ক মাওলানা বশিরউল্লাহ, মাদানীনগর মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ প্রমুখ।