খাগড়াছড়ির গুইমারা থানা আওয়ামী লীগ সভাপতি অপহূত
খাগড়াছড়ি ও রামগড় প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০১৩, ২৩:১১
মাটিরাঙ্গা উপজেলার গুইমারা থানা আওয়ামী লীগ সভাপতি ও ঠিকাদার মো. জাহাঙ্গীর আলমকে (৫০) গত রবিবার বিকালে সন্ত্রাসীরা অপহরণ করেছে বলে অভিযোগে করেছেন দলের নেতা-কর্মীরা। অপহূতের পুত্র দৈনিক সমকালের রামগড় প্রতিনিধি মোহাম্মদ হানিফ জানান, সোমবার সকাল ১০টার দিকে জেলা আওয়ামী লীগ নেতা কংজুরি চৌধুরীকে ফোনে তার বাবা জানিয়েছেন, তিনি ভালো আছেন, তবে অপহরণকারীরা তার কাছে এক কোটি টাকা চাঁদা দাবি করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানান, মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি বুদুমপাড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসীরা তাকে ও মোটর সাইকেল চালক হারুনকে অস্ত্রের মুখে অপরহণ করে নিয়ে যায়। এ সময় তিনি মাটিরাঙ্গা থেকে ভাড়ায় চালিত মোটর সাইকেলযোগে গুইমারায় নিজ বাড়িতে ফিরছিলেন।
এদিকে এ ঘটনার প্রতিবাদে সোমবার সকাল ৯টা থেকে গুইমারা বাজারে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রেখেছে দলীয় নেতা-কর্মী ও বিক্ষুব্ধ জনতা। রবিবার রাত থেকে সেনা ও পুলিশ সদস্যরা উদ্ধার অভিযানে মাঠে নেমেছে বলে জানা গেছে। গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহাম্মদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।