ক্যাম্পাস তারকা
শিখরের পথে শিখর
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ১৮:৩৭
একগুচ্ছ কথা বা একটি গল্প কিংবা কিছু তথ্যকে নান্দনিকভাবে চরিত্রায়ন করে মানুষের সামনে উপস্থাপন করার কাজটি যারা করেন তাদেরই যোগ্য উত্তরসূরী হওয়ার একান্ত প্রয়াস চালিয়ে যাচ্ছেন শিখর শাহনিয়াত। তারুণ্যের উদ্যমতা, উদার মানসিকতা, আর সততাকে পুঁজি করে এ জগতে যাত্রা শুরু করেছিলেন শিখর। নানা বাধা-বিপত্তির পথকে পিছনে ফেলে সফলতার হাস্যোজ্জ্বল আলোর সন্ধান পেয়েছেন তিনি। অতি অল্প সময়ে বেশ কিছু শর্ট ফিল্ম, টিভি নাটক ও টিভি তথ্যচিত্র তৈরি করে ইতোমধ্যেই অনেকের নজরে পড়েছেন। তার কাজের মধ্যে আছে এনটিভিতে প্রচারিত একঘন্টার নাটক ‘অপেক্ষার ফটোগ্রাফি’, ঢাকা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শিত ‘গ্লানিমোচন’, ওয়ান অব দ্য বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড প্রাপ্ত ‘ওয়াটার ফর লাইফ’ ইত্যাদিসহ বিভিন্ন টিভিতে প্রচারিত তথ্যচিত্র উল্লেখযোগ্য।
নোয়াখালীর সবুজ শ্যামল ঘেরা গ্রামে জন্ম নেয়া তরুণটি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান বিভাগে পড়লেও ছোটবেলা থেকেই থিয়েটারের প্রতি বিশেষ ঝোঁক ছিল। আর পরিবারের উত্সাহ পেয়ে সেটাকে পূর্ণতা দিতে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগে ভর্তি হন তিনি। তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘ভবিষ্যতে সুবিধাবঞ্চিত শিশু ও বৃদ্ধাশ্রম নিয়ে কাজ করতে চাই। তাছাড়া আমার মেধা ও কাজের মাধ্যমে নিজের গ্রামকে আরও এগিয়ে নিয়ে যেতে চাই।’ চলচ্চিত্র জগতে আমেরিকান চলচ্চিত্র নির্মাতা মার্টিন স্কর্সিস ও বাংলাদেশের নান্দনিক নির্মাতাদেরকেই আদর্শ হিসেবে বেছে নিয়েছেন তিনি।
শিখর নিজেকে একজন নির্মাতা হিসেবে তৈরি করলেও অসম্ভব রকম গান প্রেমিক একজন মানুষ। এখনও কাজের ফাঁকে রবীন্দ্র ও লালন সংগীতের প্রেমে হারিয়ে যান। আর সুযোগ পেলেইে ভালোবাসার টানে এ যান্ত্রিক শহর থেকে পালিয়ে গ্রামে গিয়ে জীবনের সুখানুভূতিগুলো কুড়াতে চেষ্টা করেন।