ব্রত রায়
(বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য)
কেউ জানো এই আদর করে
ডেকে আনার মর্ম—
যে অতিথি রোদের ছ্যাঁকায়
দেয় পুড়িয়ে চর্ম?
উত্তাপে প্রাণ ওষ্ঠাগত
কণ্ঠে প্রবল তেষ্টা
ক্যান যে কবির বৈশাখেরে
মহান করার চেষ্টা?
লজ্জা-হায়া সব ভুলেছি
বস্ত্রবিহীন অঙ্গ
আজকে মধুর আর লাগে না
প্রিয়তমার সঙ্গ!
যায় ছোঁয়ানো গা বালিশে?
এমন গরম শয্যা—
বর্ষা নিয়ে কাব্যগাথা
কোথায় আছে খোঁজ যা!
কুলকুলকুল ঘামছে শরীর
বিশ্রী ঘামের গন্ধ
কবির ছিল মাথায় ব্যামো
হচ্ছে এখন সন্দ!