সিরিয়া নিয়ে সম্মেলন আয়োজনে ওবামা-পুটিন ঐকমত্য

সিরিয়ার সহিংসতা নিরসনে জেনেভায় একটি শীর্ষ সম্মেলন আয়োজনে ঐক্যমতে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন। তবে সিরিয়ায় ‘উড্ডয়ন নিষিদ্ধ এলাকা’ প্রতিষ্ঠার অনুমোদন দিবে না রাশিয়া। এদিকে, আলেপ্পোতে গাড়িবোমা হামলায় প্রেসিডেন্ট বাসার আল-আসাদের অনুগত বাহিনী ৬০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। সিরিয়া বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়া ভিন্ন অবস্থানে দাঁড়িয়ে থাকলেও উভয়েই দেশটিতে সহিংসতা শেষ করতে কাজ করা প্রয়োজন বলে উল্লেখ করেন। এরজন্য জেনেভা সম্মেলনের ব্যাপারে অন্য শক্তিধর দেশ ও আরব লিগকে চাপ প্রয়োগ করতে সম্মত হন তারা। তবে জাতিসংঘে ভেটো ক্ষমতাসম্পন্ন সদস্য রাশিয়া বলেছে, তবে সিরিয়ায় ‘উড্ডয়ন নিষিদ্ধ এলাকা’ প্রতিষ্ঠার অনুমোদন দিবে না। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সান্ডার লুকাশেভিচ এ কথা জানান। ওবামা-পুটিনের আলোচনায় উভয় নেতাই ইরানে সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনে মধ্যপন্থিদের উত্থানে সন্তোষ প্রকাশ করেন। এর আগে নর্দান আয়ারল্যান্ডে জি-৮ ভুক্ত দেশগুলো তাদের মধ্যে বিশ্ব অর্থনীতিসহ নানা বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করে। উল্লেখ্য, জি-৮ ভুক্ত দেশগুলো হচ্ছে- যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি এবং জাপান। এদিকে, সিরিয়ার অন্যতম বড় শহর আলেপ্পোতে গাড়িবোমা হামলায় প্রেসিডেন্ট বাসার আল-আসাদের অনুগত বাহিনী ৬০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। সোমবার আলেপ্পোর আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আল-দোয়াইরিনাহতে এই হামলার ঘটনা ঘটে। আল কায়েদার মদদপুষ্ট একটি স্থানীয় জিহাদি গ্রুপ এই হামলা চালায় বলে জানান মোহাম্মদ আল হাদি নামের এক বিদ্রোহী। হামলাকারী গাড়িটিতে প্রায় ৬ টন বিস্ফোরক ছিল বলেও জানান তিনি। বিদ্রোহীরা এই বিস্ফোরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করে।