পরমাণু কর্মসূচিকে আরো স্বচ্ছ করবেন রোহানি
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২১:০৬
ইরানে সদ্য হয়ে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হাসান রোহানি বলেছেন, তিনি দেশের পরমাণু কর্মসূচিতে আরো স্বচ্ছতা দেখাতে প্রস্তুত। শুক্রবারের নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর সোমবার প্রথম সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ইরানের পরমাণু কর্মসূচি যে শান্তিপূর্ণভাবে আন্তর্জাতিক আইন মেনে পরিচালিত হচ্ছে তা প্রমাণ করার জন্য তার সরকার একে আরো স্বচ্ছ করার চেষ্টা করবে বলে উল্লেখ করেন রোহানি। তবে একইসঙ্গে রোহানি এও জানিয়ে দেন যে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করবে না। পরমাণু কর্মসূচির কারণে তেহরানের ওপর পশ্চিমারা অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করেছে বলেও সমালোচনা করেন তিনি। পশ্চিমা দেশগুলোর অভিযোগ, ইরান পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে। এ অভিযোগের ভিত্তিতেই ইরানের বিরুদ্ধে বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা কিন্তু ইরান বরাবরই তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে।