নিরাপত্তার দায়িত্ব বুঝে নিচ্ছে আফগানিস্তান

আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই দেশটির নিরাপত্তার দায়িত্ব আন্তর্জাতিক বাহিনী থেকে দেশটির জাতীয় বাহিনীর হাতে ন্যস্ত করার ঘোষণা দেয়ার পর কাবুলে এক গাড়ি বোমা হামলায় তিন জন নিহত হয়েছে। দায়িত্বভার অর্পণ অনুষ্ঠান শুরুর দেড় ঘণ্টা আগে কাবুলের পশ্চিমাঞ্চলে ঐ গাড়ি হামলা চালানো হয়। কাবুলের অপরাধ তদন্ত বিভাগের প্রধান জেনারেল মোহাম্মেদ জহির বলেন, দেশটির শিয়া হাজারা সমপ্রদায়ের বিশিষ্ট ধর্মীয় নেতা মোহাম্মাদ মোহাকিকের গাড়িবহর লক্ষ্য করে এই হামলা চালানো হয়। গাড়ি বোমা হামলায় তার ৬ দেহরক্ষীসহ অন্তত ৩০ জন আহত হয়েছে। তার গাড়ি বহরের একটি গাড়ি দুমড়ে-মুচড়ে গেছে। তবে মোহাকিক অক্ষত রয়েছেন। আফগান বাহিনীর হাতে দেশটির দক্ষিণ-পূর্ব ও পূর্বাঞ্চলীয় প্রদেশ ও ৯৫টি জেলার নিরাপত্তার দায়িত্বভার অর্পণের চূড়ান্ত আনুষ্ঠানিকতা উপলক্ষে রাজধানীর উপকণ্ঠে স্থানীয় ও আন্তর্জাতিক শত শত কর্মকর্তা উপস্থিত হয়েছিলেন। প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেন, আমাদের সাহসী নিরাপত্তা বাহিনী আন্তর্জাতিক বাহিনীর কাছ থেকে সব ধরনের দায়িত্ব এবং নেতৃত্ব বুঝে নেবে। এখন থেকে আমাদের নিজেদের নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিভাগই নিরাপত্তার সকল দায়িত্ব পালন করবে। নিরাপত্তা বাহিনীর হাতে দায়িত্বভার অর্পণের পরে শুধুমাত্র এক লক্ষ ন্যাটো সদস্য আফগান সৈন্য এবং পুলিশদের সাহায্যকারী এবং প্রশিক্ষণের ভূমিকায় কাজ করবে। ২০১৪ সালের শেষ দিকে আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব দেশটির জাতীয় বাহিনীর হাতে ন্যস্ত করে আন্তর্জাতিক বাহিনীর সদস্যদের চলে যাওয়ার পরিকল্পনা রয়েছে।