সাঈদ সাহেদুল ইসলাম
পিঁয়াজিতেই নিয়াজি সা’ব
ভীষণ পাগল আর
ছোলা দিয়ে ভোলা মিয়া
করবে যে ইফতার।
যে গুণী সেও বেগুনিতে
সন্তোষে বেশ রয়
রোজা এলে বোঝার কথা
এসব খেতে হয়!
আলুর চপে খালুর খুশি
ডালের বড়ায় খালা
দারুণ খুশি; ছাড়ুন ওসব
বলছি আসল জ্বালা।
যেসব মানুষ এসব নিয়ে
বলছিল যে কথা
ভুলল সেটা; মূল্য এদের
তাও বাড়ে অযথা?
আসল কথা ভাষণ দিতে
কেউ করে না কম
সংযমেও রং জমে তার
ভেতরে একদম।
দামটা বাড়ে ঘামটা ঝরে
গরিব-ধনীর না কী?
আরে বিচার কারে দেব
পাগল হবার বাকি?