ছিনতাইকৃত ৫৫ লাখ টাকা উদ্ধার, গ্রেফতার ১
প্রকাশ : ১৮ জুন ২০১৩, ২১:২০
গুলিস্তান এলাকা থেকে সোমবার বিকালে এক ব্যবসায়ীর ছিনতাই হওয়া ৫৫ লাখ টাকাসহ ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। আটক ছিনতাইকারীর নাম আতাউর রহমান। সে নিজেকে দুদক কর্মকর্তা বলে পরিচয় দিয়েছিল। তবে রহস্যজনক কারণে পল্টন থানা ঘটনাটি রাত পর্যন্ত ধামাচাপা দিয়ে রাখে। রাত সাড়ে ১০টার দিকে ডিএমপির মিডিয়া সেন্টার থেকে বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করা হলেও পল্টন থানা পুলিশ তথ্য জানাতে রহস্যজনক আচরণ করে।
পুলিশের একটি সূত্র জানায়, বিকাল চারটার দিকে ব্যবসায়ী সাইফুল ইসলাম পুরান ঢাকা থেকে একটি ব্যাগে করে ৫৫ লাখ টাকা নিয়ে পুরানা পল্টন এলাকায় যাচ্ছিলেন। তিনি হকি স্টেডিয়াম এলাকায় গেলে কয়েকজন তাকে ঘেরাও করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ওই ব্যবসায়ী চিত্কার দিলে আশপাশের লোকজন ও পুলিশ গিয়ে ছিনতাইকারী আতাউরকে আটক করে টাকার ব্যাগ উদ্ধার করে। এ সময় অপর ছিনতাইকারীরা পালিয়ে যায়।
ঐদিন রাত পৌনে ১১টার দিকে ঘটনার সত্যতা স্বীকার করে মতিঝিল জোনের উপ-কমিশনার (ডিসি) আশরাফুজ্জামান বলেন, ছিনতাই করা টাকাগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত পলাতক ছিনতাইকারী দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে। ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী সাইফুলের বিষয়ে জানতে চাইলে ডিসি বলেন, তার বিষয়েও বিস্তারিত খোঁজ নেয়া হচ্ছে।
এদিকে ডিসি ঘটনা স্বীকার করলেও পল্টন থানায় কয়েক দফা যোগাযোগ করা হলে ‘এ ধরনের তথ্য জানা নেই’ বলে ডিউটি অফিসার প্রথম দিকে ঘটনা চেপে যান। পরে ছিনতাইকারীকে গ্রেফতার করা এসআই জাহাঙ্গীরের সঙ্গে তার মোবাইল ফোনে কয়েক দফা যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। কয়েক দফা যোগাযোগ করা হলে থানার ওসিও সরকারি ফোনটি রিসিভ করেননি।