সাভারে স্পেকট্রাম ভবন ধস

হতাহতের ক্ষতিপূরণের তালিকা চেয়েছে হাইকোর্ট

আট বছর আগে সাভারের স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরির আটতলা ভবন ধসে নিহত ও আহত শ্রমিকদের কি পরিমাণ ক্ষতিপূরণ দেয়া হয়েছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন আগামী দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে ধসে পড়া ভবনের অনুমোদন ও নির্মাণ সংক্রান্ত যাবতীয় নথিও তলব করা হয়েছে। বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের ডিভিশন বেঞ্চ সোমবার এ আদেশ দেন। ২০০৫ সালে ১১ এপ্রিল সাভারে স্পেকট্রাম সোয়েটার ফ্যাক্টরির ভবন ধসে পড়ে। এ ঘটনায় ৬২ জন শ্রমিক নিহত হয়। আহত হয় অনেকে। এ ঘটনার পর ভবন মালিককে গ্রেফতার করা হয়। ওই ঘটনায় হাইকোর্টে মানবাধিকার সংগঠন অধিকার, বাংলাদেশ লিগ্যাল এইড এন্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)সহ বিভিন্ন সংগঠন রিট আবেদন করেন। এ আবেদনে হাইকোর্ট তখন রুল জারি করে। সোমবার এ রুলের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।