আশুগঞ্জে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগ

পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চম্পা রানী দেব (৩০) নামে এক গৃহবধূকে তার স্বামী স্বপন কর্মকার আগুনে পুড়িয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল মঙ্গলবার নিহতের শ্বশুর ও শাশুড়ীসহ ৩ জনকে গ্রেফতার করেছে। মামলার বিবরণ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলা শহরের পূর্ববাজারের স্বপন কর্মকারের সাথে ৮ বছর আগে হবিগঞ্জ বাহুবল উপজেলার চম্পা রানী দেবের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য চাপ দিতে থাকে স্বপন। দরিদ্র পিতা মেয়ের সুখের কথা চিন্তা করে এক লাখ টাকা ধার-দেনা করে যৌতুক দিলেও কিছু দিন পরই বাকী টাকার জন্য ফের চম্পার উপর নির্যাতন শুরু হয়। গত বৃহস্পতিবার এ বিষয়ে আশুগঞ্জ শহরের পূর্ববাজারের বাসায় দুই পরিবারের মধ্যে সালিশ হয়। দরিদ্র পিতা যৌতুকের বাকী টাকা দিতে অপারগতা প্রকাশ করার বিষয়টি ছেলের বাবা-মা মেনে নিলেও নাখোশ ছিলেন স্বপন কর্মকার। ঐদিন রাতেই সে চম্পার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়।